২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে কম্পিউটার ছাড়াই ‘কম্পিউটার শেখানোর’ছবি ভাইরাল

ঘানার এক শিক্ষক কম্পিউটার ছাড়াই শিক্ষার্থীদের কম্পিউটার প্রকৌশল শেখাচ্ছেন, এমন বেশ কয়েকটি ছবি অনলাইনে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 04:03 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

ছবিগুলোতে কুমাসির অধিবাসী ওই শিক্ষককে কম্পিউটারের অভাবে ব্ল্যাকবোর্ডেই মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ডায়াগ্রাম এঁকে শিক্ষার্থীদের বোঝাতে দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ভাইরাল হওয়ার পর মাইক্রোসফট স্কুলটিতে কম্পিউটার দেওয়ার ঘোষণা দিয়েছে।

ফেইসবুকে ওউরা কোয়াদো নামে পরিচিত শিক্ষক ফেব্রুয়ারির মাঝামাঝি নিজেই ছবিগুলো পোস্ট দেন; সঙ্গে ছিল তার মন্তব্য- “ঘানাতে তথ্য প্রযুক্তি শেখানো বেশ মজার।”

স্থানীয় সংবাদমাধ্যম কোয়ার্টজ আফ্রিকা পরে ওউরা কোয়াদোর আসল নাম রিচার্ড আপ্পিয়াহ আকোতো বলে জানায়।

“আমি আমার শিক্ষার্থীদের ভালোবাসি; যা শেখাচ্ছি, তা বোঝাতেই এমনটা করেছি,” বলেন রিচার্ড আকোতো।

মাধ্যমিক স্কুলে অগ্রগতির নিদর্শন হিসেবে শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাস করার বিধান থাকলেও আকোতোর স্কুলে ২০১১ সাল থেকেই কোনো কম্পিউটার নেই বলে কোয়ার্টজ জানিয়েছে।

এরপরও তার এমন নিবেদিতপ্রাণ কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমের অসংখ্য ব্যবহারকারীর শ্রদ্ধা কুড়িয়েছে।

আকোতো বলছেন, ছবিগুলো এমন সাড়া ফেলবে তা ভাবতে পারেননি তিনি।

“এটাই প্রথম আঁকা নয় আমার, শেণিকক্ষে যে কোনো সময় এটি করতে পারবো আমি। আমি ফেইসবুকে ছবি দিতে পছন্দ করি, তাই এটি দিয়েছি। কিন্তু এগুলো যে মানুষের মনোযোগ কাড়বে তা বুঝতে পারিনি,” কোয়ার্টজকে বলেন এ স্কুলশিক্ষক।

উদ্যোক্তা রেবেকা এনোনচং রোববার মাইক্রোসফট আফ্রিকাকে এ ছবিগুলো টুইট করেন; কম্পিউটার না থাকার পরও আকোতো যে মাইক্রোসফটেরই পণ্য ব্যবহারের উপায় শেখাচ্ছেন সে বিষয়টিও তুলে ধরেন তিনি।

“তোমরা তাকে উপযুক্ত কিছু সম্পদ দিতেই পারো,” টুইটে বলেন রেবেকা।

মঙ্গলবার সফওয়ার জায়ান্ট মাইক্রোসফট আকোতোকে একটি কম্পিউটার এবং তাদের শিক্ষা উপকরণে প্রবেশ করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করে।