বন্দুক বিক্রিতে কড়াকড়ি ওয়ালমার্ট ও ডিক’স স্পোর্টিং গুডসের
ফ্লোরিডার স্কুলে গুলির্বষণে ১৭ জন নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের দুটি প্রধান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বন্দুক বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে ছয়শরও বেশি দোকান থাকা ডিক’স স্পোর্টিং গুডস্ জানিয়েছে, তারা আর অ্যাসল্ট-রাইফেল বিক্রি করবে না এবং ‘কমন সেন্স গান রিফর্ম’কে সমর্থন দিবে।
এরপর ওয়ালমার্ট জানিয়েছে, বন্দুক ও গুলি ক্রয়কারীর সর্বনিম্ন বয়স বাড়িয়ে ২১ বছর নির্ধারণ করেছে তারা।
দুই সপ্তাহ আগের শোকাবহ ওই ঘটনার পর ফ্লোরিডার মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের শিক্ষার্থীরা ফের ক্লাসে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠান দুটি এ ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি।
এই স্কুলের এক সাবেক শিক্ষার্থী একটি এআর-১৫ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে স্কুলটির ১৭ শিক্ষার্থীকে হত্যা করে।
১৪ ফেব্রুয়ারির এই ঘটনার পর বন্দুক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন রাজনীতিকদের ওপর প্রবল চাপ তৈরি হয়। পাশাপাশি দেশটির প্রভাবশালী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) সঙ্গে সম্পর্ক ত্যাগের চাপে পড়ে কর্পোরেশনগুলো।
এই চাপের প্রতিক্রিয়ায় হার্টজ কার রেন্টাল, ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্স এনআরএ সদস্যদের দেওয়া মূল্যছাড় বাতিল করে।
যুক্তরাষ্ট্রে বন্দুক বিক্রিতে শীর্ষ থাকা প্রতিষ্ঠান ওয়ালমার্ট জানিয়েছে, তাদের ওয়েবসাইট থেকে অ্যাসাল্ট-স্টাইল রাইফেলের সমপর্যায়ের আইটেমগুলো সরিয়ে নেওয়া হবে।
তেমন চাহিদা নেই এ কথা জানিয়ে প্রতিষ্ঠানটি ২০১৫ সাল থেকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন রাইফেল বিক্রি বন্ধ করে দেয়।
এক বিবৃতিতে ওয়ালমার্ট বলেছে, “আগ্নেয়াস্ত্রের দায়িত্বশীল বিক্রেতা হয়ে উঠতে কর্তব্যগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা।”
নীতির পরিবর্তনের কথা ঘোষণা করে ডিক’স স্পোর্টিং গুডস এক বিবৃতিতে বলেছে, “শিক্ষার্থীদের সংগঠনগুলোর প্রতি আমাদের অসাধারণ শ্রদ্ধা ও মুগ্ধতা রয়েছে এবং বন্দুক সহিংসতার বিষয়ে তাদের বক্তব্য স্কুলগুলোতে ও আমাদের দেশের অন্যান্য জায়গায় পৌঁছে দিচ্ছি আমরা।”
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা তোমাদের শুনতে পাচ্ছি। জাতি তোমাদের শুনতে পাচ্ছে।”
এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এই বিষয়গুলোতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে:
>> কখনোই অ্যাসল্ট-স্টাইল রাইফেল বিক্রি করবে না (২০১২ সালে স্যান্ডি হুক গুলিবর্ষণের পর তাদের প্রধান দোকানগুলোতে এ ধরনের রাইফেল বিক্রি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি, কিন্তু তাদের অধীনস্ত প্রতিষ্ঠান ফিল্ড এন্ড স্ট্রিম পরিচালিত ৩৫টি দোকানে বিক্রি অব্যাহত ছিল।)
>> রিলোড করা ছাড়াই ফায়ার করা যায় এমন উচ্চ-ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন বিক্রি নিষিদ্ধ করবে।
>> ২১ বছরের নিচে কারো কাছে কোনো অগ্নেয়াস্ত্র বিক্রি করবে না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীকে সমর্থন করলেও ‘বন্দুক সহিংসতা একটি মহামারীতে পরিণত হয়েছে যা বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে’।
ডিক’সের সিইও এডওয়ার্ড স্টাক সিএনএনকে জানিয়েছেন, তাদের এ ঘোষণায় কিছু ক্রেতা বিরূপ প্রতিক্রিয়া জানাবেন বলে ধারণা করছেন তিনি।
“শিকারের ব্যবসা আমাদের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ,” বলেছেন তিনি।
