ভারতের নৌ-মহড়ার আমন্ত্রণ ফিরিয়ে দিল মালদ্বীপ
আট দিনের বহুপাক্ষিক নৌ-মহড়ায় অংশ নেওয়ার ভারতের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে মালদ্বীপ।
ভারতের আয়োজনে ৬ মার্চে একসঙ্গে ১৬টি দেশের নৌ-সেনা মহড়া শুরু হচ্ছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অদূরেই। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
আর এতেই অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল দ্বীপরাষ্ট্র মালদ্বীপকেও।
কিন্তু মালদ্বীপ এ আমন্ত্রণ স্বীকার করেনি, এমনকি আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার কোনো কারণও ব্যাখ্যা করেনি বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা।
১৬টি দেশের মধ্যে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, মরিশাস, নিউজিল্যান্ড ও ওমানসহ অন্যান্য দেশ মহড়ায় অংশ নেবে বলে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম।
আদালত-সরকার দ্বন্দ্বের জেরে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে এ মাসের শুরুতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, যা এখনও চলছে।
দেশটির বিরোধী দলের নেতা সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ এ সংকট সমাধানে ভারতের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নাশিদের অনুরোধে সাড়া না দিলেও ভারত প্রথম থেকেই মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
ওদিকে, প্রেসিডেন্ট ইয়ামিন ভারতকে উপেক্ষা করে পাকিস্তান, চীন ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশের কাছে সমর্থন কামনা করেছে।
সপ্তাহখানেক আগে চীনের একটি অনলাইন সংবাদমাধ্যমে পূর্ব ভারত মহাসাগরে ১১টি চীনা যুদ্ধজাহাজের উপস্থিতির খবর দেওয়া হয়। যদিও তাদের প্রতিবেদনে যুদ্ধজাহাজগুলোর সঙ্গে মালদ্বীপের চলমান সংকটের কোনো যোগ আছে কিনা তা বলা হয়নি।
এ বিষয়ে লানবা বলেন, “ভারত মহাসাগরে চীনের যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে আমরা সজাগ আছি। অনেক বছর ধরেই তাদের আধিপত্য বিস্তারের কৌশল একই আছে। যে কোনো সময়ে ভারত মহাসাগরে ৮ থেকে ১০টি যুদ্ধ জাহাজ পৌঁছে যাবে।”
এশিয়াজুড়ে এবং এর বাইরেও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ বাড়াতে বেইজিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ’ এ যুক্ত হতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন চুক্তি করার পর এ দ্বীপরাষ্ট্রটিকে ঘিরে দুই আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীনের পুরনো বিরোধ দৃশ্যমান হয়ে উঠেছে।
মাত্র চারশ’ কিলোমিটার দূরের দেশ মালদ্বীপের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তার বন্ধনের সূত্র ধরে ভারত চার লাখ জনসংখ্যার এ দ্বীপরাষ্ট্রে চীনের বিস্তৃত উপস্থিতি ঠেকাতে চায়।
