২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংবাদিক ম্যাককোর্মাক অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী

একটি আঞ্চলিক সংবাদপত্রের সাবেক সম্পাদক মাইকেল ম্যাককোর্মাককে অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 02:48 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

তিনি ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার দল ন্যাশনাল পার্টির নেতা হিসেবে  পদত্যাগকারী উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েসের স্থলাভিষিক্ত হচ্ছেন, জানিয়েছে বিবিসি।

দুই বছর উপপ্রধানমন্ত্রীর পদে থাকার পর সাবেক এক কর্মচারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে চাপের মুখে শুক্রবার পদত্যাগ করেন জয়েস।

তুলনামূলকভাবে কম পরিচিত রক্ষণশীল ম্যাককোর্মাক ১৯৯৩ সালে লেখা এক কলামে সমকামীতাকে ‘নোংরা’ অভিহিত করে সমালোচনার মুখে পড়েছিলেন।

ন্যাশনাল পার্টির নেতা হিসেবে তিনি সরাসরি জোট সরকারের উপপ্রধানমন্ত্রী হয়েছেন। তিনি জোট সরকারের অপর অংশীদার লিবারেল পার্টির নেতা প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ডেপুটি হিসেবে দায়িত্বপালন করবেন।

ন্যাশনাল পার্টির এমপিদের সমর্থনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জর্জ ক্রিস্টিয়ানসেনকে পেছনে ফেলে দলটির নেতা নির্বাচিত হয়েছেন তিনি।

কেলেঙ্কারির মুখে উপপ্রধানমন্ত্রীর পর দলের শীর্ষ পদ থেকেও অব্যাহতি নেওয়া জয়েস এখন দলটির পেছনের সারির এক নেতায় পরিণত হয়েছেন।

তবে জয়েসকে ‘অসাধারণ নেতা’ অভিহিত করে তার প্রশংসা করেছেন ম্যাককোর্মাক।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দল ও আমাদের দেশের প্রতি তার অবদান কখনোই খাটো হবে না, তার রেখে যাওয়া ধারা বজায় থাকবে।”

অভিনেতা জনি ডেপের কুকুরগুলোকে হত্যার হুমকি দিয়ে আলোচিত জয়েসের তুলনায় নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ম্যাককোর্মাক কম অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে প্রবেশ করছেন বলে জানিয়েছে বিবিসি।