২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলস ও ইংল্যান্ডের একটি অংশে ভূমিকম্প

যুক্তরাজ্যের ওয়েলস ও ইংল্যান্ডের অধিকাংশ এলাকায় মৃদু একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 09:58 AM

Updated : 11 Oct 2022, 12:07 PM

চার দশমিক চার মাত্রার ‍ভূমিকম্পটি পুরো ওয়েলসজুড়ে এবং পূর্ব দিকে লন্ডন ও উত্তর দিকে লেক ডিস্ট্রিকের দক্ষিণাংশ পর্যন্ত পশ্চিম ইংল্যান্ডের অধিকাংশ এলাকাজুড়ে অনুভূত হয়েছে বলে ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) সংস্থার বরাতে জানিয়েছে বিবিসি।

ভূমিকম্পটির উপকেন্দ্র ওয়েলসের দক্ষিণ উপকূলীয় শহর সোয়ানসি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের সাত দশমিক চার কিলোমিটার গভীরে বলে জানিয়েছে বিজিএস।

ভূমিকম্পের পর গুরুতর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

প্রতি তিন থেকে পাঁচ বছর পর পর যুক্তরাজ্যে এ ধরনের ভূমিকম্প হয়ে থাকে বলে জানিয়েছে বিজিএস।

২০০৮ সালে লিঙ্কনশায়ারে হওয়া পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্পের পর থেকে এটিই গত ১০ বছরে ব্রিটেনের মূল ভূখন্ডে হওয়া সবচেয়ে তীব্র ভূমিকম্প, জানিয়েছেন বিজিএসের রজার মুসন। 

ভূমিকম্পের পরপরই আতঙ্কিত লোকজন পুলিশের জরুরি নাম্বারে ফোন করা শুরু করে। পরে সাউথ ওয়েলস পুলিশ ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর দেওয়া ছাড়া জরুরি বিভাগগুলোতে কল না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানায়।

ভূমিকম্পের কারণে সোয়ানসি থেকে ১০ মাইল দূরে পোর্ট ট্যালবটে ওয়েলস ফুটবল লিগের একটি ম্যাচ শুরু করতে দেরি হয়।