২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতব্যাগের সঙ্গে এক্স-রে মেশিনে ঢুকে গেলেন নারী!

নিরাপত্তা তল্লাশির সময় ব্যাগ চুরি যাওয়া নিয়ে উদ্বিগ্ন? ব্যাগ হাতছাড়া না করতে চেয়ে তাই এক্স-রে মেশিনের মধ্যে ব্যাগের সঙ্গে নিজেও সশরীরে উঠে পড়ে চমক সৃষ্টি করেছেন চীনের এক নারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 08:06 PM

Updated : 08 Apr 2022, 05:55 PM

দক্ষিণ চীনের ডংগুয়ান রেলস্টেশনে এ ঘটনায় নিরাপত্তা কর্মীরা স্তম্ভিত হয়ে যান।

অনলাইনে একটি ভিডিও তে গত রোববার চীনের চান্দ্র নববর্ষে মানুষজনের ভ্রমণের ব্যস্ত সময়ে অদ্ভুত এ ঘটনা সবার নজরে আসে।

ভিডিওতে দেখা গেছে, ওই নারী সিকিউরিটি স্ক্যানিং মেশিনের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। পায়ে পরা আছে হাই হিল। তার আশেপাশে সুটকেসসহ অন্যান্য জিনিসপত্রও দেখা যাচ্ছে।

কিন্তু হাতব্যাগের মধ্যে এমন কী ছিল যা ওই নারী স্বাস্থ্য ঝুঁকি নিয়েও রক্ষা করার চেষ্টা করেছিলেন, তা পরিষ্কার না। তবে চীনা নববর্ষের সময় অনেকেই ব্যাগে নগদ টাকা নিয়ে ছুটিতে বাড়ি ফেরেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা প্রথমে ওই নারীর সুটকেস কনভেয়ার বেল্টে দেন। এরপর হাতব্যাগটি স্ক্যান করার জন্য সেটি বেল্টে দিতে বলা হয়। কিন্তু তিনি ব্যাগটি দিতে চাননি।

পরে কর্মীরা ব্যাগটি পরীক্ষা করাতে হবে বলার পর চোখের পলকে ওই নারী কনভেয়ার বেল্টের ওপর চড়ে বসেন। ব্যাগের সঙ্গে তিনিও যেতে থাকেন।

তার এ কান্ড দেখে উপস্থিত নিরাপত্তাকর্মীদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ভীড়ের মধ্যে ব্যাগ যাতে চুরি না যায় সেজন্যই তার এই প্রয়াস, বলছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার পর ডংগুয়ান স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদের এক্স-রে মেশিনের ভেতরে উঠতে বারণ করেছে। কারণ, মেশিনের তেজস্ক্রিয় রশ্মি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।