বিশ্বে প্রতি ছয় শিশুর একজন ‘সংঘাতের কবলে’
বিশ্বের প্রতি ছয় শিশুর একজন এখন সংঘাত কবলিত এলাকায় বসবাস করছে বলে আন্তর্জাতিক এক উন্নয়ন সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত দুই দশকের মধ্যে এখনই যুদ্ধপ্রবণ এলাকাগুলোর শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে সেইভ দ্য চিলড্রেনের ওই নতুন প্রতিবেদনে বলা হয়েছে, খবর বিবিসির।
সেইভ দ্য চিলড্রেনের পরিসংখ্যান অনুযায়ী, সংঘাত কবলিত এলাকাগুলোতে এখন প্রায় ৩৫ কোটি ৭০ লাখ শিশু বসবাস করছে, ১৯৯৫ সালে এ সংখ্যা ছিল ২০ কোটি।
১৯৯৫ থেকে ২০১৬ পর্যন্ত যুদ্ধ আক্রান্ত এলাকায় বসবাস করা শিশুর সংখ্যা ৭৫ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়ার শিশুরা এই মুহুর্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানানো হয়েছে।
সংখ্যার বিচারে মধ্যপ্রাচ্যের শিশুরা সবচেয়ে বেশি সংঘাতকবলিত এলাকায় আছে। ওই এলাকার প্রতি পাঁচ শিশুর দুইজন যুদ্ধ কিংবা আক্রমণস্থলগুলোর ৫০ কিলোমিটারের মধ্যে বসবাস করছে।
প্রতিবেদনে আফ্রিকাকে শিশুদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয়েছে, এখানকার প্রতি পাঁচ শিশুর মধ্যে একজনের বাস সংঘাত কবলিত এলাকায়।
ঝুঁকিতে থাকা শিশুদের অর্ধেকই (প্রায় সাড়ে ১৬ কোটি) ‘তুমুল সংঘাতপূর্ণ এলাকায়’ বসবাস করছে বলেও ভাষ্য সেইভ দ্য চিলড্রেনের।
জাতিসংঘ যে ছয়টি বিষয়কে শিশুদের জন্য ‘চরম সহিংসতা’ হিসেবে চিহ্নিত করেছিল তার সব ঝুঁকিতেই এ শিশুরা আছে, জানিয়েছে তারা।
ওই ছয়টি ঝুঁকি হলো- হত্যা ও অঙ্গহানি, শিশুদের সৈন্য হিসেবে নিয়োগ ও যুদ্ধে ব্যবহার, যৌন নিপীড়ন, অপহরণ, স্কুল ও হাসপাতালে হামলা এবং মানবিক সহায়তা সরবরাহে অস্বীকৃতি।
এ প্রতিবেদন তৈরিতে সেইভ দ্য চিলড্রেন জাতিসংঘ ও অন্যান্য প্রতিষ্ঠানের গবেষণার নথি ব্যবহার করেছে।
তবে পরস্পরের সঙ্গে যুদ্ধরত বিভিন্ন বাহিনীর রেকর্ড করা এ সংক্রান্ত তথ্যের মধ্যে ‘বিশাল ব্যবধান’ থাকার কথা জানিয়ে বাহিনীগুলোর সমালোচনা করেছে তারা।
জাতিসংঘের যাচাই করা বিভিন্ন ঘটনার রেকর্ডের বরাত দিয়ে এ প্রতিবেদনে ২০১০ সালের পর শিশু হত্যা ও তাদের অঙ্গহানির পরিমাণ ৩০০ শতাংশ বেড়েছে বলেও দাবি করা হয়েছে।
এর জন্য শহরাঞ্চলগুলোতে বদলে যাওয়া যুদ্ধকৌশল, দীর্ঘ ও জটিল সশস্ত্র যুদ্ধ, উগ্রবাদীদের মানবাধিকার লঙ্ঘন এবং সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে দীর্ঘদিনের অবরোধকে দায়ী করেছে সেইভ দ্য চিলড্রেন। হাসপাতাল এবং স্কুলে হামলার পরিমাণ দিন দিন বাড়ছে বলেও জানিয়েছে তারা।
“যৌন সহিংসতা থেকে শুরু করে আত্মঘাতী বোমারু, শিশুরা যেসব কষ্টে ভুগছে, কোনো শিশুরই তা পাওয়ার কথা নয়। তাদের বাড়িঘর, স্কুল আর খেলার মাঠ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে,” বলেন বেসরকারি এ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী থর্নিং স্মিডট।
ভয়াবহ এ পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্বনেতাদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
বিবিসি বলছে, প্রতিবেদনে ২০১৭ সালের সব ঘটনা অন্তর্ভূক্ত না হওয়ায় গত বছরের শেষভাগে রাখাইনে শিশুদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার চিত্র উঠে আসেনি, পাওয়া যায়নি যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর সর্বসাম্প্রতিক পরিস্থিতিও।
শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রভাববিস্তারি মিউনিখ নিরাপত্তা সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে সেইভ দ্য চিলড্রেন এবং পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর গবেষণার ওপর ভিত্তি করে ‘ওয়ার অন চিলড্রেন’ শিরোনামের এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
শিশুদের নিরাপত্তায় বিশ্বনেতারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এ প্রত্যাশায় সম্মেলনের আগে প্রতিবেদনটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে সেইভ দ্য চিলড্রেন।
