২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে শপিং মলে ছুরি হামলায় নিহত ১, আহত ১২

চীনের রাজধানী বেইজিংয়ের একটি শপিং মলে ছুরি হামলায় ১ নারী নিহত এবং আরো ১২ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 09:13 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

সিদানের জয় সিটি মলে বিকালের দিকে এ হামলার ঘটনায় ১ ব্যক্তিকে আটক করার কথা সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

হামলায় আহত ৩ পুরুষ ও ১০ নারীকে হাসপাতালে পাঠানোর পর এক নারীর মৃত্যু হয়। অন্যান্যরা সুস্থ হয়ে উঠবে বলে পুলিশ আশা করছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। আটক ব্যক্তিকে হেনান প্রদেশের বাসিন্দা বলে সনাক্ত করা হয়েছে। তার ডাক নাম ঝু । বয়স  ৩৫।

ক্ষোভ থেকে হামলা চালানোর দায় স্বীকার করেছেন ঝু। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।

বেইজিং বেতারের উইচ্যাট একাউন্টে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, শপিং মলের মেঝেতে রক্তের দাগ। ঘটনাস্থল থেকে আহত এক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

চীনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সহিংস অপরাধের ঘটনা বিরল। বিশেষ করে দেশটির বড় বড় শহরগুলোতে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। তবে সম্প্রতি চীনে ছুরি এবং কুড়াল নিয়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর বেশির ভাগ লক্ষ্য ছিল শিশুরা।

২০১৫ সালে বেইজিং পুলিশ ছুরি হাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বেইজিংয়ের বজার ও বিনোদন এলাকা সানলিতুনে ওই ব্যক্তির হামলায় এক চীনা নারী নিহত ও ফরাসি এক নাগরিক আহত হয়।

হামলাকারীদের মানসিক অসুস্থতাকেই সাধারণত এ ধরনের হামলার জন্য দায়ী করা হয়। চীনে বন্দুক আইন অত্যন্ত কঠোর হওয়ায় সেখানে ছুরিই ব্যবহার হয় বেশি ।