২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন দিনে রোহিঙ্গা হত্যা: গ্রেপ্তার ১৬, আইনি ব্যবস্থার ঘোষণা

রাখাইনে নিরাপরাধ ১০ রোহিঙ্গা হত্যাকাণ্ডে জড়িত মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যসহ ৬ গ্রামবাসীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Feb 2018, 07:35 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

পুরনো খবর:

রয়টার্সের অনুসন্ধান: ইন দিনের ১০ রোহিঙ্গাকে হত্যা করা হয় যেভাবে
রোহিঙ্গা হত্যার স্বীকারোক্তি মিয়ানমার সেনাবাহিনীর

তবে বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে গ্রেপ্তারের এ পদক্ষেপ নেওয়া হয়নি, তদন্ত আগে থেকেই চলছিল বলে জানিয়েছেন মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতাই।

তিনি আরো বলেন, এই ১৬ জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা তিনি এখনই সুনির্দিষ্ট করে বলতে পারছেন না।

গত শুক্রবার  রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে ধরে নিয়ে গিয়ে হত্যার বর্ণনা দেওয়া হয়। 

নিরাপত্তা বাহিনীর সদস্য, গ্রামবাসী আর রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া টুকরো টুকরো তথ্য মিলিয়ে রয়টার্স বলছে, বৌদ্ধ প্রতিবেশীদের হাতে কবর খোঁড়ার দৃশ্য দেখার অল্প সময় পরই সেই কবরে একসঙ্গেই ঠাঁই হয় ১০ রোহিঙ্গার। তাদের দু’জন খুন হয় বৌদ্ধ গ্রামবাসীদের ধারাল অস্ত্রে, বাকিদের ওপর সেনারা ‍গুলি চালায়।

রয়টার্স লিখেছে, এই অনুসন্ধানে প্রথমবারের মতো বৌদ্ধ গ্রামবাসীরা রোহিঙ্গাদের বাড়ি ঘর জ্বালিয়ে, মুসলমানদের হত্যা করে লাশ পুঁতে ফেলার কথা স্বীকার করেছে।

কেবল উগ্রপন্থি বৌদ্ধরাই নয়, বরং ইন দিনে ১০ রোহিঙ্গা হত্যাযজ্ঞে দেশটির সেনা ও আধাসামরিক পুলিশ বাহিনীর সদস্যরাও যে জড়িত ছিলেন, তার প্রমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভাষ্যেও মিলেছে।

ওই গ্রামের বয়োজ্যেষ্ঠ এক বৌদ্ধ রয়টার্সকে তিনটি আলোকচিত্রও দিয়েছেন, যাতে ১ সেপ্টেম্বর সন্ধ্যায় মিয়ানমার সেনাদের হাতে ধরা পড়া থেকে শুরু করে পরদিন সকাল ১০টায় তাদের হত্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ ‍মুহূর্ত ফুটে উঠেছে।

রোববার মিয়ানমার সরকারের মুখপাত্র হতাই বলেন, “রয়টার্সের প্রতিবেদন প্রকাশের আগে থেকে সেনাবাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করেছে এবং এর ভিত্তিতে আইনানুযায়ীই ৭ সেনা, ৩ পুলিশ ও ৬ গ্রামবাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গত ১০ জানুয়ারি মিয়ানমার সেনাবাহিনী প্রথমবারের মত রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের হত্যার কথা স্বীকার করে।

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং নিজের ফেইসবুক অ্যাকাউন্টে বলেন, হত্যাকাণ্ডের শিকার ১০ রোহিঙ্গা পুলিশ পোস্টে হামলাকারী কথিত ‘২০০ জন সন্ত্রাসীর’ দলের।

কিন্তু রয়টার্সকে রাখাইনের বৌদ্ধ ও রোহিঙ্গা প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ানের সঙ্গে সেনাবাহিনীর এ বক্তব্য মেলেনি।

অন্যদিকে, রোহিঙ্গা প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, একটি সৈকতে আশ্রয় নেওয়া কয়েক শ’ নারী-পুরুষের মধ্য থেকে ১০ জনকে ধরে নিয়ে যাওয়া হয়।

বৌদ্ধ গ্রামবাসীরা ইন দিনে নিরাপত্তা বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলা হয়নি বলে জানিয়েছে।

ওই ঘটনা অনুসন্ধানকালেই রয়টার্সের দুই প্রতিবেদককে আটক করে মিয়ানমারের পুলিশ। রাখাইন সংশ্লিষ্ট গোপন নথি হাতানোর অভিযোগে গত ১২ ডিসেম্বর ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও’কে গ্রেপ্তার করা হয়। তাদের বিচার কাজ চলছে।

ওই ১০ রোহিঙ্গাকে হত্যার ব্যাপারে রয়টার্সের অনুসন্ধানে বেরিয়ে আসা প্রমাণের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হতাই বলেন, “প্রতিবেদন প্রকাশের আগেও আমরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করিনি। আমরা বিষয়টি অস্বীকারও করছি না।”