২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মুর সেনা ক্যাম্পে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯

ভারতের জম্মুতে একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 03:23 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

এছাড়া, তিন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানান এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

শনিবার সকালে একদল বন্দুকধারী জম্মুর সানজুরান সেনা ক্যাম্পে প্রবেশ করে সেখানকার আবাসিক এলাকায় এলোপাতাড়ি গুলি চালায়।

হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর টানা প্রায় ৩০ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

হামলাকারীরা পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী দল জঈশ-ই-মোহাম্মদ দলের সদস্য বলে ধারণা প্রকাশ করেন জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিচালক এস পি  বেদ।

নিহত তিন হামলাকারীর পরনে সেনাদের পোশাক ছিল। তাদের কাছে অ্যাসল্ট রাইফেল, একটি গ্রেনেড লঞ্চারসহ বেশ কয়েকটি গ্রেনেড পাওয়া গেছে বলে জানান সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র।

ক্যাম্পের আবাসিক এলাকায় ১৭০টি বাড়ির সবগুলো খালি করে ফেলা হয়েছে।

হামলায় নয়জন আহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

শনিবার সন্ধ্যায় জম্মুর সামরিক হাসপাতালে আহতদের দেখে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। 

রোববার সকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত জম্মুতে যান। আক্রান্ত সেনা ক্যাম্পটির আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জম্মুজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।