২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ-রোহিঙ্গা-উ.কোরিয়া নিয়ে ট্রাম্প-মোদী ফোনালাপ

মালদ্বীপের রাজনৈতিক সংকট, আফগানিস্তানের যুদ্ধ এবং মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়ে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউজ একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2018, 11:52 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

ট্রাম্প প্রশাসন এশিয়াজুড়ে চীনা আধিপত্যের ভারসাম্য রক্ষার জন্য ভারতের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক নিবিড় করার চেষ্টা চালাচ্ছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, “ট্রাম্প এবং মোদী দুইজনই মালদ্বীপের রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশটিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক মর্যাদা এবং আইনের শাসন অক্ষুন্ন রাখার ওপর গুরুত্ব  দিয়েছেন।”

ফোনালাপে আফগানিস্তানের নিরাপত্তার ব্যাপারে দু’নেতা পুনরায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ওয়াশিংটন সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ তুলে তাদেরকে সাহায্য দেওয়া কমিয়েছে। ওদিকে, ভারত সম্প্রতি আফগানিস্তানে সাহায্য বাড়িয়েছে এবং আরো অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

দু’নেতার আলাপে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা ৬ লাখ ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গার দুর্দশার বিষয়টিও উঠে এসেছে।

আলোচনায় এসেছে উত্তর কোরিয়া নিয়ে সংকটের বিষয়টিও। উত্তর কোরিয়াকে হুমকি হিসাবেই দেখে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির পারমাণবিক কর্মসূচির রাশ টানতে তাদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভারতের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনতিক সম্পর্ক চালু থাকলেও নয়া দিল্লি দেশটির সঙ্গে বেশির ভাগ পন্যের বাণিজ্যই নিষিদ্ধ করেছে।