২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে উত্তর কোরীয়দের এড়ালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে উত্তর কোরিয়ার নেতাদের খুব সন্তপর্নেই এড়িয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 10:12 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

শুক্রবার অনুষ্ঠানের শুরুতে অভ্যাগত অতিথিদের স্বাগতমপর্বে খুবই কম সময়ের জন্য উপস্থিত ছিলেন পেন্স।

উত্তর কোরিয়ার অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং-ন্যামের সঙ্গে ভোজে সামিল হননি তিনি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জংয়ের সঙ্গে একবার পেন্সের ক্ষণিকের জন্য দেখা হলেও তারা সরাসরি সাক্ষাৎ করেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

পিয়ংচ্যাংয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং উত্তর কোরিয়ার অলঙ্কারিক প্রেসিডেন্ট কিম ইয়ং-ন্যাম কে স্বাগত জানান। কিন্তু পেন্স ৫ মিনিট পরই অভ্যর্থনাস্থল থেকে চলে যান।

প্রেসিডেন্ট মুন জায়ে ইন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে করমর্দন করেন। কিন্তু পেন্স জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলালেও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে তা করেননি বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে তারা একে অপরের কাছাকাছি আসনেই বসে ছিলেন।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ভোজের সময় পেন্স এবং কিম ইয়ং-ন্যামের এক টেবিলে বসার কথা ছিল। কিন্তু পেন্স ভোজ এড়িয়ে যান। যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদদের সঙ্গে নির্ধারিত বৈঠকে যোগ দিতে তিনি খুব অল্প সময়ের জন্য কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই চলে যন।

এর আগে শুক্রবারই পেন্স জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচির রাশ টানতে যেসব বাড়তি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে তাতে সায় দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন।