২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুমাকে বরখাস্তের পথে এগুচ্ছে এএনসি

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে এ সপ্তাহেই বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। দলের এক শীর্ষ কর্মকর্তার বেফাঁস মন্তব্যে এ তথ্য বেরিয়ে এসেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2018, 08:54 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

যদিও আলাপ-আলোচনার মধ্য দিয়ে জুমার সরে যাওয়ার সম্ভাবনাটাই এখন পর্যন্ত জোরাল বলে মনে করা হচ্ছে।

এএনসি সভাপতি সিরিল রামাপোসা এবং জুমা ‘ক্ষমতার পালাবদল’ নিয়ে সরাসরি আলোচনা শুরু করার কথা জানিয়েছেন বুধবারেই।

মঙ্গলবার রাত থেকেই এ আলোচনা শুরু হয়েছে। ‘আগামী কয়েকদিনের মধ্যেই’ তা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন রামাপোসা।

তবে এএনসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা পল মাসাতিলে এক মন্তব্যে বলেছেন, এ সপ্তাহান্তেই জুমাকে অপসারণ করা হতে পারে।

মাসাতিলে এএনসি’র শীর্ষ ছয় প্রভাবশালী কর্মকর্তাদের একটি গ্রুপের সদস্য। তিনি রোববার জুমাকে পদত্যাগে রাজি করাতে প্রিটোরিয়ায় তার কার্যালয় ভবনে তার সঙ্গে দেখা করেছিলেন।

কিন্তু জুমা পদত্যাগে রাজি হওয়ার কোনো লক্ষণ দেখাননি বলে জানান মাসাতিলে।

এরপরই বুধবার দেশীয় গণমাধ্যমগুলোতে ফাঁস হওয়া একটি রেকর্ডিংয়ে জুমা সম্পর্কে মাসাতিলের মন্তব্য প্রকাশ পায়। এতেই তিনি জুমা পদত্যাগ না করলে তাকে বাদ দিয়েই দল পরিচালনার মনোভাবের কথা জানান।

তিনি বলেন, দল কোনো অনাস্থা প্রস্তাব কিংবা অভিসংশন প্রক্রিয়ায় জড়িত থাকার পক্ষপাতি নয়। কারণ, এতে দল ক্ষতিগ্রস্ত হবে।