২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে মাশাল খান হত্যার রায়

পাকিস্তানে ধর্ম-অবমাননার  মিথ্যা অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র মাশাল খান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং আরো পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে  আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

বুধবারের রায়ে আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৬ জনকে খালাস দেওয়া হয়েছে।

গতবছর এপ্রিলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ‘আব্দুল ওয়ালি খান ইউনিভার্সিটি মারদান’ এর শিক্ষার্থী মাশাল খানকে তার হল থেকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধরের পর গুলি করে হত্যা করা হয়।

বিবিসি জানায়, ২৫ বছর বয়সী মাশালের ‘দোষ ছিল’ তিনি নিজেকে মানবতাবাদী বলে পরিচয় দিতেন। হলে তার কক্ষে চে গুয়েভারা ও কার্ল মার্কসের মত রাজনৈতিক নেতাদের পোস্টার ছিল এবং বাকস্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

এ কারণে তারই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী তাকে হত্যার পর মৃতদেহ টুকরো করে ফেলে।

ওই সময়ে গুজব ছড়িয়ে পড়ে যে মাশাল খান অনলাইনে ধর্ম অবমাননাকর লেখা পোস্ট করেছেন। এই গুজবের পরই ছাত্রদের রোষানলে পড়ে প্রাণ হারান মাশাল। কিন্তু তদন্তের পর পুলিশ জানায়, মাশাল খান কোনো ধর্ম অবমাননা করেননি।

ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ পাকিস্তানে ধর্ম অবমাননার নামে হত্যাকাণ্ড খুবই নিয়মিত ঘটনা।

নিরাপত্তার কারণে মাশাল হত্যা মামলার বিচার কাজ হরিপুর সেন্ট্রাল জেলের অভ্যন্তরে হয়েছে। রায়ের দিন কারাগারের ভেতর এবং আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।