২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

`সামরিক রসদ সংগ্রহে বার্লিন দূতাবাস ব্যবহার করছে উ. কোরিয়া’

উত্তর কোরিয়া তার বার্লিনের দূতাবাস ব্যবহার করে ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সামরিক যন্ত্রপাতি সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি-র প্রধান হান্স-গিওর্গ মাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 03:29 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মাসের অভিযোগ বিষয়ে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়ার বার্লিন দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সোমবার এনডিআর টিভিতে সাক্ষাৎকারটি প্রচারিত হবে। এতে জার্মান এ গোয়েন্দা প্রধান বলেন, উত্তর কোরিয়া যে তাদের বার্লিনের দূতাবাস ব্যবহার করে সামরিক যন্ত্রপাতি সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে, সে ব্যাপারে তারা নিশ্চিত।

“আমাদের দৃষ্টিতে এ সংগ্রহ চলছে ক্ষেপণাস্ত্র, কখনো কখনো পারমাণবিক কর্মসূচির কাজে,” বলেন মাস।

সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত হয় এমন পণ্যের মাধ্যমে কোরীয় দূতাবাস এ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য তার।

টেলিভিশনে সম্প্রচারের আগেই মাসের এসব মন্তব্য প্রকাশ করেছে এনডিআর। উত্তর কোরিয়া দূতাবাসকে এমন কার্যক্রম থেকে বিরত রাখতে জার্মান কর্তৃপক্ষ চেষ্টা করছে বলেও জানান বিএফভি-র এ প্রধান ।

“যদিও সব ক্ষেত্রেই আমরা সেগুলো চিহ্নিত করে তাদের বিরত রাখতে সক্ষম হচ্ছি, এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না,” বলেন তিনি।

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা ধরণের নিষেধাজ্ঞা অমান্য করে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে, পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ আরও বাড়িয়েছে পিয়ংইয়ং।

ধারাবাহিকভাবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির আওতাও বাড়িয়ে চলছে তারা। তাদের ছোড়া সর্বশেষ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলেও দাবি পিয়ংইয়ংয়ের।