ভেনেজুয়েলায় মাদুরোবিরোধী সামরিক অভ্যুত্থানের ইঙ্গিত টিলারসনের
ভেনেজুয়েলার সামরিক বাহিনী মাদুরোবিরোধী অভ্যুত্থান ঘটিয়ে ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন।
লাতিন আমেরিকা সফরের আগে বৃহস্পতিবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় তার এ ইঙ্গিতকে পর্যবেক্ষকরাও বেশ গুরুত্ব দিয়ে দেখছেন, খবর বিবিসির।
“ভেনেজুয়েলা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর ইতিহাসে প্রায়ই সেনাবাহিনীকে খারাপ পরিস্থিতিতে, যখন নেতারা জনগণের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তখন পরিবর্তনের দূত হিসেবে আবির্ভূত হতে দেখা গেছে," বলেন টিলারসন।
এবার সেরকমটা হলে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টকে কিউবায় আশ্রয় নিতে হতে পারে বলেও ধারণা তার।
ভেনেজুয়েলার সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র ইন্ধন দিচ্ছে না বলেও মন্তব্য করেছেন টিলাররসন; সামরিক অভ্যুত্থানের বিষয়ে কোনো গোয়েন্দা খবর থাকার কথাও অস্বীকার করেছেন তিনি।
মার্কিন এ পররাষ্ট্র মন্ত্রী কয়েকদিনের মধ্যেই মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু কলম্বিয়া ও জ্যামাইকা সফর করবেন বলে ধারণা করা হচ্ছে।
টিলারসনের মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী জর্জ আরিয়াজা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এমন এক সময়ে টিলারসন এ মন্তব্য করলেন যখন নিকোলাস মাদুরো দ্বিতীয় দফায় ছয় বছর মেয়াদে প্রেসিডেন্ট হতে এপ্রিলের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মাদুরো এর আগেও ধারাবাহিকভাবে তাকে উৎখাতের ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়ে আসছিলেন। মার্কিনের কারণে ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় থাকা সোশালিস্ট পার্টির সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা যাচ্ছে না বলেও অভিযোগ তার।
