২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের খুশি মনে মনে

নিজের প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণের টিভি দর্শক সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ বলে আত্মপ্রসাদ নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পরে দেখা গেল চিত্র ভিন্ন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 11:37 AM

Updated : 19 Aug 2022, 01:32 PM

গত মঙ্গলবার কংগ্রেসে বার্ষিক ভাষণ দেওয়ার পর ট্রাম্প সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, “৪ কোটি ৫৬ লাখ মানুষ দেখেছে, এটা ইতিহাসে সর্বোচ্চ।”

কিন্তু জরিপকারী সংস্থা নিয়েলসন এই তথ্যের  ভুল ধরিয়ে দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিয়েলসন বলছে, স্টেট অব ইউনিয়ন ভাষণের সবচেয়ে বেশি টিভি দর্শক ছিল ১৯৯৩ সালে। এই সংখ্যা ৬ কোটি ৬০ লাখ।

সেই ভাষণটি দিয়েছিলেন বিল ক্লিনটন, যার স্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে এক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প।

নিয়েলসনের তথ্য বলছে, বারাক ওবামা ও জর্জ ডাব্লিও ‍বুশের চেয়েও কম ছিল ট্রাম্পের ভাষণের দর্শক সংখ্যা।

২০১০ সালে ওবামার প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণের দর্শক ছিল ৪ কোটি ৮০ লাখ। ইরাক যুদ্ধের মাস খানেক আগে ২০০৩ সালে দেওয়া বুশের ভাষণের দর্শক সংখ্যা ছিল ৬ কোটি ২১ লাখ।

সংখ্যা বাড়িয়ে বলার এই ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে এটাই প্রথম নয়।

গত বছর নিজের অভিষেক অনুষ্ঠানে ১৫ লাখ দর্শক সমাগম হয়েছিল বলে দাবি করেছিলেন ট্রাম্প; পরে তার প্রেস সচিবের তথ্যে ফাঁস হয়ে যায় যে সংখ্যাটি আসলে ছিল তার অর্ধেক।

Image
ডোনাল্ড ট্রাম্প বাড়িয়ে বলেছেন আগেও- ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প বাড়িয়ে বলেছেন আগেও- ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট হওয়ার আগে ২০১৫ সালে রোলিং স্টোন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ধনকুবের ট্রাম্প দাবি করেছিলেন, তার ব্যক্তিগত উড়োজাহাজটি এয়ারফোর্স ওয়ানের চেয়েও বড়।

পরে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যক্তিগত উড়োজাহাজটির দৈর্ঘ্য ২২৫ ফুট, যেখানে ট্রাম্পের বিমানটির দৈর্ঘ্য ১৫৩ ফুট।

অর্থাৎ নিজেরটির দৈর্ঘ্য ঢের বাড়িয়ে বলেছিলেন ট্রাম্প।

পুরনো খবর:

প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণে ঐক্যের ডাক ট্রাম্পের