লটারি নয়, মেধার ভিত্তিতে অভিবাসনের ডাক ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে নানা ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের আহ্বানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসাবে অভিবাসন নীতি ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন।
ভাষণে তিনি প্রস্তাব করেছেন, লটারির মাধ্যমে নয়, মেধার ভিত্তিতেই অভিবাসীদের ভিসা দেওয়া হোক। কংগ্রেসে এ সংক্রান্ত আইন তৈরির আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।
তার ভাষ্য, মেধাভিত্তিক অভিবাসন পদ্ধতি চালু করার সময় হয়ে এসেছে। এটি এমন এক পদ্ধতি যাতে করে অভিবাসী হিসেবে তাদেরকেই নেওয়া হবে যারা দক্ষ ও মেধাবী, যারা কাজ করতে চায়, সমাজে অবদান রাখতে পারবে, দেশকে ভালোবাসবে এবং সম্মানের চোখে দেখবে।
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী তৎপরতার পেছনে অভিবাসন নীতিকেই অনেকাংশে দায়ী মনে করেন ট্রাম্প। আর সে কারণেই তা সংস্কারে কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন আইন প্রণয়নের আহ্বান জানালেন তিনি।
এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য ট্রাম্প ৪ ধাপের (ফোর পিলারস) সংস্কার-নীতি প্রস্তাব করেছেন।
প্রথম ধাপটি হচ্ছে, ‘ড্রিমার’ হিসাবে পরিচিত ১৮ লাখ বেআইনি অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার পথ সুগম করা। কম বয়সে বাবা-মা বা কোনও আত্মীয়ের সঙ্গে বেআইনি ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এই অভিবাসীরা শিক্ষা কিংবা কাজের জন্য প্রয়োজনীয় শর্তপূরণ করতে পারলে এবং নৈতিক চরিত্র ভাল হলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে।
দ্বিতীয় ধাপ হচ্ছে, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে দক্ষিণ সীমান্তে প্রাচীর নির্মাণ করা। অভিবাসন আইনের ফাঁক গলে যাতে অপরাধী ও সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, সেটিই এ প্রস্তাবের লক্ষ্য।
তৃতীয়ত: লটারির মাধ্যমে ভিসা দেওয়ার নীতির অবসান ঘটানো। এর পরিবর্তে মূল মানদণ্ড হিসাবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাকে ভিসা দেওয়ার নিয়ম চালু করা। এতে করে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীর শিক্ষাগত বা পেশাগত দক্ষতার পাশাপাশি মার্কিন নাগরিকদের সুরক্ষার দিকটিও নিশ্চিত করা সম্ভব হবে।
চতুর্থত: বর্তমান আইন অনুযায়ী, একজন অভিবাসী তার পরিবারের একাধিক সদস্য এমনকি দূরসম্পর্কের আত্মীয়দেরও যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে পারেন- নতুন নিয়মে এ ‘চেইন ইমিগ্রেশন’ প্রথাটি বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অভিবাসীরা পরিবারের কত জন সদস্য বা শিশুকে যুক্তরাষ্ট্রে নিতে পারবেন, সেই সংখ্যার গন্ডি বেঁধে দেওয়ারও প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।
তার প্রস্তাবটি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়পক্ষেরেই সমর্থন করা উচিত বলে ট্রাম্প মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের সুরক্ষা, অর্থনীতি এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এ সংস্কারসাধন করা জরুরি। উভয় দল ভেদাভেদ ভুলে অভিবাসন ইস্যুতে এক অবস্থান নিলেই ‘আমেরিকা সর্বাগ্রে’ নীতি বাস্তবায়িত হবে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি সময়োপযোগী নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, “সেকেলে অভিবাসন নীতি পাল্টানোর সময় এসেছে। আমাদেরকে একুশ শতকের উপযোগী নীতিমালা তৈরি করতে হবে।”
