পুরনো আসবাবের দোকানে রাষ্ট্রীয় গোপন নথি!
অস্ট্রেলিয়ায় পুরনো আসবাবের দোকানে পাওয়া গেছে অতি গোপনীয় রাষ্ট্রীয় নথি। নথিগুলো কিভাবে সেখানে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
চলতি সপ্তাহে ‘অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন’ (এবিসি) তাদের প্রতিবেদনে দোকানটিতে বর্তমান ও আগের সরকারের মন্ত্রিপরিষদের কিছু অতি গুরুত্বপূর্ণ নথি পাওয়ার খবর প্রকাশ করে।
বিবিসি জানায়, বুধবার এবিসি’র প্রতিবেদনে গোপনীয় ওই নথিগুলো ক্যানবেরার পুরনো একটি আসবাবের দোকান থেকে কেনা তালাবদ্ধ একটি ফাইল ক্যাবিনেটের ভেতরে পাওয়ার কথা জানানো হয়।
দোকানের নাম কিংবা ফাইল কেবিনেটের ক্রেতা কে ছিল তা না জানালেও সংবাদমাধ্যমটি বলেছে, পুরনো ওই আসবাবের দোকানে সাধারণত সরকারি দপ্তরের পুরনো আসবাবপত্র সস্তায় বিক্রি হয়।
প্রতিবেদনের পরপরই প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
এবিসি এ ঘটনাকে ‘অস্ট্রেলিয়ার ইতিহাসে মন্ত্রিপরিষদের সবচেয়ে বড় নিরাপত্তা ত্রুটি’ অ্যাখ্যা দিয়েছে। ফাইল ক্যাবিনেটগুলোর ভেতরে কয়েকশ’ নথি পাওয়া গেছে, যার বেশিরভাগই ‘গোপনীয়’ বলেও দাবি তাদের।
প্রতিবেদনে বলা হয়,“ভারী ওই দুটি ফাইল ক্যাবিনেটের দাম হয়ে যায় আরও সস্তা, ওগুলোর চাবি কেউ খুঁজে পাচ্ছিল না।”
খুব কম দামে কেনার কয়েক মাস পর পর্যন্তও ফাইল ক্যাবিনেটগুলো তালাবদ্ধ অবস্থাতেই পড়ে ছিল, নথিগুলোও তাই ছিল ‘সুরক্ষিত’। পরে ক্যাবিনেটগুলোর তালা ভেঙে সেগুলো খোলা হয়।
অস্ট্রেলিয়ার পুলিশ গত পাঁচ বছরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রায় ৪০০ নথি হারিয়েছে বলেও এবিসি’র প্রতিবেদনে দাবি করা হয়। নথিগুলোতে সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট, কেভিন রুড ও জুলিয়া গিলার্ড আমলের মন্ত্রিপরিষদের অনেক তথ্য আছে বলেও সংবাদমাধ্যমটি জানিয়েছে।
অস্ট্রেলিয়ার মন্ত্রিপরিষদের নথি সাধারণত সিল করে গোপনীয় অবস্থায় রাখা হয়, ২০ বছর পর সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
পুরনো আসবাবের দোকানে গোপন নথির খবরটি অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। এ ধরনের অসতর্কতায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দলিল এমনকি বিদেশি রাষ্ট্রের হাতেও পৌঁছে যেতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন।
এবিসি’র প্রতিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান মার্টিন পার্কিনসন ঘটনাটি দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দেন। স্থানীয় গণমাধ্যমগুলোকে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।
এমন এক সময়ে এ প্রতিবেদন প্রকাশ পেল যখন রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধে একটি নতুন আইন নিয়ে অস্ট্রেলিয়াজুড়ে তুমুল বিতর্ক চলছে।
গত মাসে প্রধানমন্ত্রী টার্নবুল আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজনীতিতেও বিদেশিরা ‘নজিরবিহীন’ প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন।
