২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার মতো চীনও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি: সিআইএ প্রধান 

যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার মতো চীনও বিরাট হুমকি বলে বিবিসি’তে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 08:26 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

পশ্চিমে চীন যেভাবে গোপনে প্রভাব বিস্তার করছে তাতে দেশটিকে নিয়ে রাশিয়ার মতো উদ্বিগ্ন হওয়ার কারণ তো আছেই, এমনকি রাশিয়ার তুলনায় চীন আরো বড় হুমকি হতে পারে বলেও পম্পিও মঙ্গলবারের ওই সাক্ষাৎকারে উল্লেখ করেছেন।

উদাহরণ দিয়ে তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্য চুরি এবং স্কুল ও হাসপাতালগুলোতে অনুপ্রবেশ করছে। এখন তারা ইউরোপ ও যুক্তরাজ্যের দিকেও হাত বাড়াচ্ছে। রাশিয়ার চেয়েও এ ধরনের গোপন তৎপরতা চালাতে চীনের আরো বড় পরিকল্পনা রয়েছে।

অর্থনীতির দিক থেকে রাশিয়া এবং চীনের কথা উল্লেখ করে পম্পিও বলেন, দুই দেশের অর্থনীতির সমীকরণ নিয়ে একটু ভেবে দেখুন, রাশিয়ার চেয়ে এক্ষেত্রে চীনের পদচারণাই বেশি।

পশ্চিমা সমাজে দুই দেশের প্রভাব বিস্তারের সক্ষমতার তুলনা করে তিনি বলেন, “ওই মিশন বাস্তবায়নে রাশিয়ানদের চেয়ে চীনারা অনেক বেশি এগিয়ে।’

বাজার দখলের দিক দিয়ে চীন রাশিয়ার চেয়ে অনেক এগিয়ে আছে।বেইজিং বাজারে ঢোকার চেষ্টায় আমেরিকান কোম্পানিগুলোর ওপর প্রভাব বিস্তার করছে বলেও সাক্ষাৎকারে অভিযোগ করেন সিআইএ প্রধান পম্পিও।

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বছরের শুরুর দিকে সিআইএ’র একজন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।ওই কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার আগের দু’বছর প্রায় ২০ তথ্যদাতাকে হত্যা কিংবা কারাবন্দি করতে হয়েছে।সম্প্রতি কয়েকবছরে এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সবচেয়ে বড় ব্যর্থতা।

পম্পিও বলেন,পশ্চিমের ওপর চীনের প্রভাব বিস্তার প্রতিরোধে পশ্চিমা দেশগুলো একজোট হয়ে আরো বেশি কাজ করতে পারে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের তথ্য চুরির নিরন্তর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এজন্য গোয়েন্দারা আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা চীন সরকারের হয়ে আমেরিকার বিরুদ্ধে কাজ করছে।

“আমরা তাদের আমাদের স্কুল, হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থার তথ্য চুরির চেষ্টা করতে দেখছি। তারা কর্পোরেট আমেরিকার বিরুদ্ধে কাজ করছে। ইউরোপ ও যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য অংশের জন্যও এটি সত্য।”

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে রাশিয়া টার্গেট করতে পারে বলেও পম্পিও সাক্ষাৎকারে উল্লেখ করেন।

এছাড়াও তিনি জানান, উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের জন্য একইরকম হুমকি। কয়েক মাসের মধ্যেই তারা আমেরিকায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো সক্ষমতা অর্জন করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আলোচনায় ইরান প্রসঙ্গেও কথা বলেন পম্পিও। তিনি বলেন, সিরিয়ার ব্যাপারে ইরান ও রাশিয়ার চেয়ে যুক্তরাষ্ট্র কমই নাক গলিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়া ও ইরানের সহযোগিতাতেই এখনো ক্ষমতায় আছে বলে পম্পিও উল্লেখ করেন।