কাবুলে অ্যাম্বুলেন্স বোমায় নিহত ৯৫
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন।
শনিবারের এ ঘটনায় আরও ১৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
হামলার কয়েক ঘন্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, হামলায় নিহতের সংখ্যা অন্তত ৯৫ জনে দাঁড়িয়েছে এবং ১৫৮ জন আহত হয়েছেন।
গত মে মাসের পর থেকে এটি কাবুলে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।
শহরটির সবচেয়ে নামী হোটেলগুলোর মধ্যে অন্যতম ইন্টারকন্টিনেন্টালে প্রাণঘাতী হামলার মাত্র এক সপ্তাহ পরই এ হামলাটি চালানো হল।
তালেবান হামলার দায় স্বীকার করেছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চালানো হামলার দায়ও স্বীকার করেছিল বিদ্রোহী এই গোষ্ঠীটি; ওই হামলায় ২০ জনেরও বেশি নিহত হন।
এবারের হামলার জন্য তালেবানের উপদল হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। আফগানিস্তানের শহরগুলোতে চালানো বহু বড় ধরনের হামলার পেছনে এই নেটওয়ার্কটি আছে বলে মনে করেন পশ্চিমা কর্মকর্তারা।
হাসপাতালগুলোতে আনা আহতদের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। স্থান সংকুলান না হওয়ায় অনেককে হাসপাতালের বাগানের খোলা জায়গায় রেখে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলাস্থলের নিকটবর্তী ট্রমা হাসপাতালের পরিচালনা প্রতিষ্ঠান ইতালীয় ত্রাণ সংস্থা ‘ইমার্জেন্সি’র সমন্বয়ক দেইয়ান পানিক বলেছেন, “এটি একটি নির্বিচার হত্যাকাণ্ড।”
এই হাসপাতালটিতে কয়েক ডজন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সর্বশেষ এই হামলার কারণে চাপে পড়তে পারেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার যুক্তরাষ্ট্রের মিত্ররা।
নতুন একটি আক্রমণাত্মক সামরিক কৌশলের কারণে তালেবান বিদ্রোহীরা অধিকাংশ প্রদেশের রাজধানী থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করে আসছিল এই পক্ষদুটি।
আফগান নিরাপত্তা বাহিনীকে দেওয়া সহযোগিতা বাড়িয়ে তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর ওপর বিমান হামলা জোরদার করেছিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে অচলাবস্থার অবসান ও বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে এ কৌশল নিয়েছিল যুক্তরাষ্ট্র।
আফগান সরকার ও যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশলে তারা দুর্বল হয়ে পড়েছে এমন দাবি অস্বীকার করেছিল তালেবান, আর গত এক সপ্তাহে তারা দেখিয়ে দিল প্রাণঘাতী, হাই-প্রোফাইল হামলা চালাতে এখনও সক্ষম তারা; এমনকি অত্যন্ত সুরক্ষিত কাবুলের কেন্দ্রস্থলেও হামলা চালাতে পারে।
চেকপয়েন্টে অ্যাম্বুলেন্স
বিস্ফোরণের সময় কাছাকাছি থাকা আফগান পার্লামেন্ট সদস্য মিরওয়াইস ইয়াসিনি জানিয়েছেন, একটি অ্যাম্বুলেন্স চেকপয়েন্টটির দিকে এগিয়ে হাই পিস কাউন্সিলের দপ্তর ও বিদেশি কয়েকটি দূতাবাসের কাছে এসে বিস্ফোরণ ঘটায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনটিই হামলাকারীদের লক্ষ্যস্থল ছিল বলে মনে হয়েছে তার।
বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলের কয়েকশত মিটার দূরের ভবনগুলোও কেঁপে ওঠে, অপরদিকে বিস্ফোরণস্থলটিতে আশপাশের ভবনগুলো থেকে ধসে পড়া ইট-পাথরের স্তূপ, অন্যান্য ধ্বংসস্তূপ ও চূর্ণ হয়ে যাওয়া গাড়ির আশপাশে হতাহতদের দেহগুলো পড়ে থাকে।
শনিবার একটি কাজের দিন ছিল এবং প্রায় মধ্যাহ্ন ভোজের সময় চালানো হামলাকালে রাস্তাগুলো ছিল জনাকির্ণ। শহরের কেন্দ্রস্থলের এই ব্যস্ত এলাকার কাছেই অনেকগুলো বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরের ভবন।
গত জুনে কাবুলের জার্মান দূতাবাসের কাছে চালানো একটি ট্রাক বোমা হামলায় ১৫০ জন নিহত হয়েছিল, যা ছিল কাবুলে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ওই হামলার পর এটিই শহরটিতে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। দুটি হামলাস্থলের মধ্যবর্তী দূরত্বও খুব বেশি নয়।
