দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে উ. কোরিয়ার নারী হকি দল
শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার নারী আইস হকি খেলোয়াড়রা।
দলটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে খেলায় অংশ নেবে।
দক্ষিণ কোরিয়ার দলের সঙ্গে প্রশিক্ষণে অংশ নিতে ১২ খেলোয়াড় বৃহস্পতিবার একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে সীমান্ত পার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাঙয়ে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে এক পতাকা তলে খেলার নিয়ে গত সপ্তাহেই একমত হয়েছিল উত্তর ও দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া অলিম্পিকে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশের পরই নতুন বছরে দু’দেশের মধ্যে সম্পর্কে বরফ গলার পট প্রস্তুত হয়েছে।
যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে বৈঠকের পর নারী খেলোয়াড়দের নিয়ে যৌথ আইস হকি দল গঠনে রাজি হয় দু’দেশ।
আর গত শনিবার উত্তর কোরিয়ার ১২ জন খেলোয়াড়কে দক্ষিণ কোরিয়ার দলে অন্তর্ভূক্ত করতে রিাজি হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।
