২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ছাত্রের গুলিতে প্রিন্সিপাল খুন

ক্লাসে হাজিরার অভাব, ক্লাস ফাঁকি দিয়ে রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়া। সে কারণেই কলেজের এক ছাত্রকে বকাঝকা করেছিলেন প্রিন্সিপাল। আর এর জেরেই প্রিন্সিপাল প্রাণ হারালেন সেই ছাত্রের গুলিতে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jan 2018, 08:38 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

পাকিস্তানে উত্তরের শহর চারসাদার বেসরকারি একটি ইসলামিক কলেজে সোমবার এ ঘটনা ঘটে। কলেজ ক্যাম্পাসেই প্রিন্সিপাল খুন হন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান জহুর আফ্রিদি।

১৬/১৭ বছরের ওই ছাত্র ধর্মীয় কট্টরপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক দলের সমর্থক। ক্লাস ফাঁকি দিয়ে দেশের কড়া ধর্ম অবমাননা আইনের সমর্থনে রাজনৈতিক দলের সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রিন্সিপাল কিছুদিন আগেই তাকে বকেছিলেন।

পাকিস্তানে এক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছর নভেম্বরে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ শুরু করে তেহরিক-ই-লাব্বাইক। ওই বিক্ষোভে যোগ দিতে গিয়ে ওই শিক্ষার্থী কয়েকদিন ক্লাসে যায়নি বলে জানায় পাকিস্তানের দৈনিক ‘দ্য ডন’।

ইসলামাবাদে ওই সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে সাতজন নিহত এবং দুইশতাধিক মানুষ আহত হয়। শেষ পর্যন্ত অভিযুক্ত মন্ত্রী পদত্যাগে বাধ্য হন।

স্থানীয় পুলিশ প্রধান জহুর আফ্রিদি রয়টার্সকে বলেন, ক্যাম্পাসে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থী প্রিন্সিপালকে গুলি করে।

“নিশ্চয়ই এখন সে বলবে প্রিন্সিপাল ধর্ম অবমাননা করেছেন।”পাকিস্তানে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা আইন অত্যন্ত কঠোর।

ওই আইন অনুযায়ী, মুসলিমদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নিন্দা করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

গ্রেপ্তারের সময় ওই কিশোরের মধ্যে কোনো অপরাধবোধ ছিল না। বরং সে বার বার বলছিল, “এ হত্যা আমি করেছি এবং আমি এটি স্বীকার করে নিচ্ছি। আল্লাহর নির্দেশে আমি এটি করেছি।” ছাত্রটিকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে।