২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে অগ্ন্যুৎপাতের পর তুষারধসে নিহত ১, আহত ১৪

জাপানের কুসাসু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর ঘটা তুষারধসে এক সৈন্য নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 02:50 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার সকাল ১০ টার দিকে টোকিওর উত্তরে গুনমা প্রদেশে কুসাসু আগ্নেয়গিরিতে এই ঘটনার পর আবহাওয়া অধিদপ্তর সর্তকতা জারি করেছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলছেন, সকালে হঠাৎ করে মৃদু ভূ-কম্পনের পর বিশাল এলাকা জুড়ে পাথর ছড়িয়ে পরে। প্রায় এক কিলোমিটার দূরবর্তী স্থান পর্যন্ত এইসব পাথর-ধুলি উড়ে যায়।

পাথরের আঘাতে আগ্নেয়গিরি নিকটবর্তী এলাকায় তুষারধসে একটি স্কি রিসোর্টের আশেপাশে অনেক মানুষ আহত হয়।

কর্তৃপক্ষ বলছে, পর্বতটির আশে-পাশের প্রায় ২ কিমি জুড়ে স্থানীয় এলাকাবাসীদের সর্তকভাবে চলাফেরা করতে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, কুসাসু স্কি রিসোর্টে আহতদের মধ্যে ৪ ব্যক্তির অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও আগ্নেয়গিরির পাশে প্রশিক্ষণরত স্থল বাহিনীর (জিএসডিএফ) ৬ সেনা সদস্য আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, পরে সেখানে এক সৈন্য মারা যান।

২ হাজার ১৬০ মিটার উচ্চতার এই কুসাসু সিরানে আগ্নেয়গিরি জাপানের সক্রিয় ৫০ টি আগ্নেগিরির মধ্যে অন্যতম।