মহাকাশ মিশন থেকে বাদ আফ্রিকান-আমেরিকান নভোচারী
আসছে জুনেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার কথা ছিল নভোচারী জিনেট অ্যাপসের। কিন্তু তার আগেই তাকে মিশন থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
মহাকাশ স্টেশনে গেলে জিনেট অ্যাপসই হতেন সেখানে ক্রু সদস্য হিসাবে কাজে যাওয়া প্রথম অফ্রিকান-আমেরিকান নভোচারী। আর অ্যাপসের জন্য এটি হত তার প্রথম মহাকাশযাত্রা।
রাশিয়ার সয়ুজ রকেটে করে ৫ মাসের জন্য অ্যাপসের মহাকাশ স্টেশনে যাওয়া নির্ধারিতই ছিল। কিন্তু এখন সে জায়গায় মহাকাশে পাঠানো হচ্ছে আরেক নভোচারীকে।
নাসা অ্যাপস কে মহাকাশযাত্রা থেকে বাদ দেওয়ার কোনো কারণ জানায়নি। তবে বলেছে, তাকে আগামীতে কোনো মিশনে পাঠানোর চিন্তাভাবনা করা হবে। আপাতত তাকে হিউস্টোনের জনসন মহাকাশ কেন্দ্রের নভোচারী কার্যালয়ের কাজে রাখা হচ্ছে।
বিবিসি জানায়, নিউ ইয়র্কের একটি শহরে জন্ম নেওয়া জিনেট অ্যাপস ২০০০ সালে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেড করেন। গ্র্যাজুয়েশনের পর তিনি দু’বছরের জন্য একটি ল্যাবরাটরিতে কাজ করেছিলেন। এরপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় (সিআইএ) কাজ পান তিনি। সেখানে ৭ বছর কাজ করার পর ২০০৯ সালে নাসার নভোচারী ক্লাসের সদস্য হিসাবে নির্বাচিত হন।
গত বছর জানুয়ারিতে নাসা প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসাবে জিনেট অ্যাপসকে মহাকাশ স্টেশনে ক্রু হিসাবে পাঠানোর ঘোষণা দিয়েছিল।
এর আগে ছয় আফ্রিকান আমেরিকান নভোচারী মহাকাশ স্টেশনে রসদ নিয়ে গেলেও তারা কেউ সেখানে থেকে কাজ করেনি। সেদিক থেকে অ্যাপসকে সেখানে কাজে পাঠানোর খবরটি দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়েছিল এবং বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয়েছিল। নারী দিবসেও তাকে নিয়ে বিশেষ খবর ছাপা হয়।
কিন্তু নাসা গত বৃহস্পতিবার ক্রু পরিবর্তনের ঘোষণা দিয়ে অ্যাপসের মিশন বাতিল করেছে। তার পরিবর্তে এখন মাহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কলোরাডোর ফোর্ট কলিন্সের সেরেনা রনিওন-চান্সেলর নামের একজন চিকিৎসককে। সেরেনা এর আগে মহাকাশ স্টেশনে ৯ মাসেরও বেশি সময় কাটিয়েছেন।
