২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে ইসরায়েলি নিরাপত্তারক্ষীর ওপর ছুরি হামলা

জেরুজালেমের প্রধান বাস স্টেশনে এক ফিলিস্তিনির ছুরি হামলায় এক ইসরায়েলি নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 09:55 PM

Updated : 12 Apr 2022, 12:53 AM

রোববারের এ হামলায় ৩০ বছর বয়সী ওই নিরাপত্তারক্ষীর দেহের উপরের অংশে আঘাত লাগে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বর্ণনায় ইসরায়েলের পুলিশ জানায়, অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ২৪ বছর বয়সী এক ফিলিস্তিনি জেরুজালেমের প্রধান বাস স্টেশনের প্রবেশপথে মেটাল ডিটেক্টরের কাছে যাওয়ার পরপরই নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার পর কোনও ইসরায়েলির ওপর এটিই প্রথম ছুরি হামলা।

ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকায় বিক্ষোভ-সংঘর্ষ চলছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বজুড়েও।

ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে শনিবার থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করেছে। এ হামলায় দুই যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাস।

এছাড়াও গত শুক্রবার হামাসের ডাকা ক্ষোভ দিবসে সংঘর্ষেও পশ্চিম তীরে আরও দুজন ফিলিস্তিনি নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হয়েছে।