সিরিয়ার সামরিক ঘাঁটিতে ‘ইসরায়েলি হামলা’
রাজধানী দামেস্কের কাছে একটি সামরিক স্থাপনায় ইসরায়েল ভূমি থেকে ভূমিতে আঘাত হানাতে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ সিরিয়ার।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে চালানো এসব ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।
তবে তারা হামলাটি চালিয়েছে বলে নিশ্চিত করেনি ইসরায়েলি সামরিক বাহিনী, খবর বিবিসির।
এর আগে দামেস্কের কাছে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছিল যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ওই বিস্ফোরণের কারণ সম্ভাব্য ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বলেও জানিয়েছিল তারা।
সিরীয় টেলিভিশনের প্রতিবেদনে হামলায় ওই ঘাঁটিতে ‘বস্তুগত ক্ষতি’ হয়েছে বলা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, হামলায় একটি অস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে; তবে অস্ত্র গুদামটি কাদের মালিকানাধীন তা তার গোষ্ঠী জানেনা বলে জানিয়েছেন তিনি।
বেশ কয়েকবারই সিরিয়ায় অস্ত্র গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার লেবাননি মিত্র হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ প্রতিরোধ করতে ওইসব হামলা চালানোর কথা জানিয়েছিল তারা।
সিরিয়ান অবজারভেটরির তথ্যামতে, দামেস্কের কয়েক কিলোমিটার দক্ষিণে এল-কিসবাহ এলাকায় হামলাটি চালানো হয়েছে।
এল-কিসবাহ শহরের কাছে ইরান একটি স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করছে, গত মাসে এমন একটি দাবির কথা প্রকাশ করেছিল বিবিসি।
কয়েকটি ধারাবাহিক স্যাটেলাইট ছবিতে কথিত ঘাঁটি এলাকায় নির্মাণকাজের প্রমাণ দেখা গিয়েছিল, যা পশ্চিমা একটি গোয়েন্দা সূত্র বিবিসিকে দেখিয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা ইসরায়েল মেনে নেবে না।
