ন্যামের ব্যাগে হত্যায় ব্যবহৃত রাসায়নিকের প্রতিষেধক ছিল
হত্যাকাণ্ডের শিকার হওয়ার সময়ও ব্যাগে বিষাক্ত রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্টের প্রতিষেধক বহন করছিলেন উত্তর কোরিয়ার কিম জং ন্যাম।
এবছর ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের এ সৎ ভাই ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে খুন হন।
বিষাক্ত রাসায়নিক পদার্থ ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছিল বলে পরে মালয়েশীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে।
কুয়ালালামপুর বিমানবন্দরে ন্যামকে যখন বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে হয় তখনও তার ব্যাকপ্যাকে ১২ বোতল ‘অ্যাট্রোপিন’ ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
টক্সিকোলোজিস্ট ডা. কে. শার্মিলা বুধবার আদালতে বলেন, ভিএক্স বা এ জাতীয় বিষাক্ত রসায়নিকের প্রতিষেধক।
গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের বাজেট টার্মিনাল এলাকায় দুই নারী ন্যামকে হেনস্থা করেছিলেন। ওই সময় তারা ন্যামের মুখে কাপড়জাতীয় কিছু একটা চেপে ধরেছিলেন বলে পরে এক ভিডিও ফুটেজেও দেখা যায়।
ওই কাপড়ে ভিএক্স এজেন্ট নামের প্রাণঘাতী রাসায়নিক মাখা ছিল বলে ধারণা কর্তৃপক্ষের।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের ক্লিনিকে ৪৫ বছর বয়সী ন্যামের মৃত্যু হয়।
জাতিসংঘের গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্রের তালিকা থাকা ভিএক্স এজেন্ট নিষিদ্ধ।
ঘটনার পর ন্যামের মুখে কাপড় চেপে ধরা দুই নারীকে গ্রেপ্তারও করা হয় এবং মালয়েশিয়ায় তাদের বিচার চলছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারী বলেছিলেন, টেলিভিশনে তামাশাপূর্ণ একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মনে করে ওই কাণ্ড করেন তারা।
ন্যামকে হত্যার পরিকল্পনাকারীরা ‘চাতুর্যের সঙ্গে’ তাদের ব্যবহার করেছেন বলেও দাবি ইন্দোনেশীয় ও ভিয়েতনামি ওই দুই নারীর।
ন্যাম হত্যায় অভিযুক্ত দুই নারী, ভিয়েতনামের ডোয়ান থি হুওং (২৮) ও ইন্দোনেশিয়ার সিতি আইশাহ (২৫) । রয়টার্স
মালয়েশিয়ার স্টার নিউজপেপারের এক প্রতিবেদনে বলা হয়, উচ্চ আদালতে বিচার চলার সময় এক চিকিৎসক ওই প্রতিষেধকের কথা উল্লেখ করেন।
“টক্সিকোলজি পরীক্ষার জন্য পুলিশের কাছ থেকে গত ১০ মার্চ ওই বোতলগুলো এবং আরো ৭টি আলাদা উপাদান নিই,” আদালতে বলেন ওই চিকিৎসক শর্মিলা।
বোতলগুলোতে পরে অ্যাট্রোপিনের উপস্থিতি পাওয়া যায়।
কিম জং-ন্যাম বেশিরভাগ সময় বিদেশে বিশেষ করে ম্যাকাউ, সিঙ্গাপুর ও চীনে কাটিয়েছেন।
২০১১ সালে তার থেকে বয়সে ছোট সৎ ভাই কিম জং-উন উত্তর কোরিয়ার নেতা হন।
ওই বছরই জাপানের গণমাধ্যম জানায়, ন্যাম ‘পরিবারতন্ত্রের উত্তরাধিকার’ বিরোধী, প্রকাশ্যেই নিজেদের পারিবারিক শাসন ও নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বলেন তিনি।
পরের বছর প্রকাশিত একটি বইতে ন্যামের বরাত দিয়ে বলা হয়, তিনি মনে করেন তার ছোট ভাইয়ের নেতৃত্বগুণের অভাব রয়েছে। তিনি দেশ পরিচালনা করতে পারবেন না।
উত্তর কোরিয়া ধীরে ধীরে অস্থিতিশীল হয়ে পড়বে। এক পর্যায়ে দেশটিতে চীনা-ধরনের অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন হবে বলে মত প্রকাশ করেন তিনি।
