মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। কয়েক সপ্তাহের মধ্যেই তার স্থলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পিও কে বসানো হতে পারে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমও এমন খবর দিয়েছে।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানায়, সিআইএ পরিচালক পম্পিওর স্থলে আসতে পারেন রিপাবলিকান সিনেটর টম কটন। ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যেই এ রদবদল হতে পারে।
টাইমস পত্রিকাই প্রথম হোয়াইট হাউজের এ পরিকল্পনার কথা জানায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ রদবদলে চূড়ান্ত সম্মতি দিয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।
বিবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সম্পর্ক ভাল যাচ্ছে না। টিলারসন ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টকে ‘নির্বোধ’ আখ্যা দিয়েছেন বলেও খবর এসেছে।
বিভিন্ন বিষয়ের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের সঙ্গে টিলারসনের মতভেদও আছে।
ট্রাম্পের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে কয়েকমাস ধরেই টিলারসনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা গেছে। তবে তার জায়গায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিকে নিয়োগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল।
কিন্তু সিআইএ প্রধান মাইক পম্পিও জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থা অর্জন করায় এখন তিনিই পররাষ্ট্রমন্ত্রীর পদে আসীন হওয়ার সম্ভাবনা বেড়েছে।
পরিকল্পনাটি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের দুই কর্মকর্তা।
