বুরকিনা ফাসোতে ফরাসি সেনাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুরকিনা ফাসোর রাজধানী উয়াগাদুগু পৌঁছানোর আগে ফরাসি সেনাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।
সোমবার রাতে নিক্ষিপ্ত ওই গ্রেনেডের আঘাতে তিন বেসামরিক আহত হয়েছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
উয়াগাদুগুর একটি বিশ্ববিদ্যালয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তৃতা দেওয়ার কথা আছে বলে জানিয়েছে রেডিও ফ্রান্স।
নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে রেডিওটি জানিয়েছে, হুডে মাথা ঢাকা দুই ব্যক্তি একটি মোটরবাইক থেকে গ্রেনেডটি নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে ম্যাক্রোঁর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
চলতি সপ্তাহে আইভরি কোস্টের আবিদজান শহরে ইইউ-আফ্রিকা সম্মেলনে ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ভাষণ দেওয়ার কথা আছে।
