দ্বিতীয় দিনের মতো বন্ধ বালি বিমানবন্দর
মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে দ্বিতীয় দিনের মতো ইন্দোনেশিয়ার বালি শহরের আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার সকালেও আগ্নেয়গিরিটির শীর্ষ থেকে ৩ কিলোমিটার উচ্চতা পর্যন্ত গাঢ ছাইয়ের কুণ্ডুলি দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে। গত সপ্তাহ থেকে মাউন্ট আগুংয়ে উদগীরণ শুরু হয়।
সোমবার কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটির আশপাশে সর্বোচ্চ সতর্কতা জারি করে, বাড়ানো হয় ‘প্রবেশ নিষিদ্ধ’ এলাকার সীমানা। আশপাশের এলাকার অন্তত ১ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় প্রথমে মঙ্গলবার সকাল পর্যন্ত এনগুরাহ রাই (ডেনপাসার) বিমান বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধের ঘোষণা দেয়।
একদিনে ৪০০-র বেশি ফ্লাইট বাতিলে প্রায় ৫৯ হাজার পর্যটক বিপাকে পড়েন। মঙ্গলবার বিমানবন্দরটি আরও একদিন বন্ধ রাখার ঘোষণা আসে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহ জানান, ভারত মহাসাগরে সৃষ্ট একটি মৌসুমী ঝড় আগ্নেয়গিরির ছাইকে দক্ষিণপশ্চিম দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওই পথেই বালির আন্তর্জাতিক বিমানবন্দর।
স্থানীয় বিমান পরিবহন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে পথে বিমান চলবে আগ্নেয়গিরির ছাই তা ঢেকে রেখেছে। এ ছাই উড়োজাহাজের জ্বালানি ও কুলিং সিস্টেমের ক্ষতি করতে পারে, নষ্ট করে দিতে পারে ইঞ্জিন। বিমান চালকের দৃষ্টিসীমাতেও বিঘ্ন ঘটাত পারে।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রী পরিবহনে বালির আশপাশের ১০টি বিমানবন্দরকে ব্যবহারের চিন্তা করছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এরই মধ্যে পার্শ্ববর্তী লুম্বক দ্বীপের বিমানবন্দরটি মঙ্গলবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে বলে সুতোপো জানিয়েছেন। পর্যটকদের বিমানবন্দরটির টার্মিনালে নিয়ে যেতে কর্তৃপক্ষ বাসেরও ব্যবস্থা করেছে।
বালির জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুটা ও সেমিনইয়াক থেকে মাউন্ট আগুং-এর দূরত্ব ৭০ কিলোমিটারের মতো।
পৃথক আরেক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালেও আগ্নেয়গিরি থেকে কালো ছাইয়ের মেঘ উদগীরণ হতে দেখা গেছে। আগের রাতে ‘উদগীরিত লাভা থেকে নির্গত রশ্মিও’ দেখার কথা জানিয়েছে তারা।
ছাই ছাড়াও সক্রিয় এ আগ্নেয়গিরি থেকে কাদার প্রবাহ (লাহার) নির্গত হতে দেখা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এগুলো থেকে দূরে থাকতে আশপাশের এলাকার বাসিন্দাদের আগেই সতর্ক করেছিল কর্তৃপক্ষ।
মাউন্ট আগুং-এর চারপাশের ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত বসবাসকারী সবাইকে আগেই সরে যেতে নির্দেশ দিয়েছিল তারা।
২৯ হাজার অধিবাসীকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, অনেকেই লুম্বকের মতো আশপাশের দ্বীপে চলে গেছে বলে সুতোপো জানান।
তবে জমি ও গবাদিপশু ছেড়ে যেতে না চাওয়া ‘অনেক অধিবাসী’ এখনো বিপজ্জনক এলাকার মধ্যে অবস্থান করছেন। তারা যদি দ্রুত এলাকা না ছাড়েন, তাহলে তাদের জোর করে সরিয়ে দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ ।
১৯৬৩ সালে সর্বশেষ মাউন্ট আগুং থেকে লাভার উদগীরণ হয়েছিল। সেবার এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রাম লাভার নিচে চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত হওয়ার কারণে টেক্টোনিক প্লেটগুলোর ধাক্কায় ঘনঘন ভূকম্পন ও অগ্নুৎপাতের আশঙ্কা থাকে। সেখানে রয়েছে ১৩০টির’ও বেশি জীবন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ।
গত সেপ্টেম্বর থেকে মাউন্ট আগুং ফের সক্রিয় হয়ে ওঠে। নভেম্বরের মাঝামাঝি থেকে আগ্নেয়গিরিটির জ্বালামুখ দিয়ে গ্যাস বেরোনো শুরু হয়। প্রচণ্ড বেগে ঘন ধোঁয়া ও ছাই বেরিয়ে আসতে শুরু করায় রোববার বালিতে বিমান চলাচলে ‘রেড এলার্ট’ জারি করা হয়। কর্তৃপক্ষ তখন বলেছিল, ছাইয়ের মেঘ ১৯ হাজার ৬৫৪ ফুটের বেশি উচ্চতায় পৌঁছে যেতে পারে।
