২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ‘বহু বেসামরিক নিহত’

সিরিয়ার পূর্বাঞ্চলীয় আল-শাফাহ গ্রামে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 10:18 AM

Updated : 12 Apr 2022, 12:48 AM

রোববার সকালে চালানো এই বিমান হামলায় নিহতদের মধ্যে ২১টি শিশু রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর), খবর বিবিসির।

আল শাফাহ সিরিয়ার দেইর আল জুর প্রদেশের একটি গ্রাম। দেশটির যে কয়টি প্রদেশে এখনও ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা এলাকা রয়েছে গেছে দেইর আল জুর তার অন্যতম।

প্রাথমিকভাবে গ্রামটির আবাসিক ভবনগুলোতে চালানো ওই হামলায় ৩৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল এসওএইচআর। পরে নিহতের সংখ্যা আরো বেশি ধারণা করছেন বলে জানান এসওএইচআর এর প্রধান রামি আব্দেল রহমান। 

তিনি বলেন, “ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানোর সময় নিহতের সংখ্যা বাড়তে থাকে।”

এর আগে রাশিয়া জানিয়েছিল, ছয়টি দূরপাল্লার বোমারু বিমান ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে। জঙ্গিদের এবং তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

দীর্ঘদিন ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম প্রধান মিত্র রাশিয়া।

এসওএইচআর এর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, একইদিন সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের সর্বশেষ প্রধান শক্তিকেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সরকারি ও মিত্র বাহিনীগুলোর চালানো ব্যাপক অভিযানে অন্তত ২৩ জন নিহত ও বহু আহত হয়েছেন।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, রোববার সকাল থেকেই ওই এলাকার আকাশে ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং যুদ্ধবিমানগুলো মেসরাবা ও হারাস্তা শহরে ব্যাপক বোমাবর্ষণ করে। পূর্ব গৌতায় ব্যাপক গোলাবর্ষণ করা হয়।

২০১২ সাল থেকে পূর্ব গৌতা অবরোধ করে রেখেছে আসাদের বাহিনী, এতে এলাকাটির লোকজন মানবিক সঙ্কটে ভুগছে।

সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে শান্তি আলোচনা জাতিসংঘের মধ্যস্থতায় আগামী সপ্তাহে জেনেভায় ফের শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এর আগে শান্তি আলোচনার অনেকগুলো পর্বেই কোনো ফল হয়নি। 

ছয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ লোক নিহত হয়েছে এবং দশ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্ধাস্তুতে পরিণত হয়েছে।