২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবের পদত্যাগে ভূমিকা রাখেন এক খ্রিস্টান পুরোহিত

জিম্বাবুয়েতে ৩৭ বছরের শাসনের পর গত সপ্তাহে পদত্যাগ করেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। প্রথমে অনড় থাকলেও পরে তিনি ক্ষমতা ছাড়েন। তার অবস্থান কিভাবে বদলাল সেটি একটি প্রশ্ন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Nov 2017, 12:03 AM

Updated : 12 Apr 2022, 12:48 AM

জানা গেছে, মুগাবের বহুল প্রত্যাশিত এ পদত্যাগের পেছনে এক খ্রিস্টান পুরোহিতের ভূমিকা ছিল। রেভারেন্ড ফিদেলিস মুকোনোরি নামের এ পুরোহিতই মুগাবের পদত্যাগে মধ্যস্থতা করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের ভয়াবহ গৃহযুদ্ধের সময় তরুণ বয়সে মুকোনোরি যুদ্ধের নৃশংসতার তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিলেন। এ খবর সে সময় কাটছাঁট করে পৌঁছানো হয় তৎকালীন স্বাধীনতা সংগ্রামের নেতৃস্থানীয় নেতা মুগাবের কাছেও। মুগাবের শাসনক্ষমতার কয়েক দশক পর আবার সেই মুকোনোরিই তাকে ক্ষমতা হস্তান্তরে প্রভাবিত করেন।

জিম্বাবুয়েতে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান ও ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের পর প্রথম সাক্ষাৎকারে মুগাবের পদত্যাগের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুকোনোরি।

জিম্বাবুয়ের প্রেসিডেন্টের বাসভবন ‘স্টেট হাউস’ ও মুগাবের ব্যক্তিগত বাড়িতে তার সঙ্গে কিভাবে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক ও আলোচনা করেছেন- সে সম্পর্কে সাক্ষাৎকারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের পুরোহিত মুকোনোরি।

ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে তিনিই মুগাবে এবং প্রতিরক্ষা বাহিনীর মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। কারণ, তার প্রতি আস্থা ছিল দু’পক্ষেরই। মুগাবেকে পদত্যাগে রাজি করাতে মুকোনোরি প্রতিদিনই তার সঙ্গে কথা বলেছেন বলে জানান।

৭০ বছর বয়সী এ খ্রিস্টান পুরোহিত বলেন, অতীতেও জিম্বাবুয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেক সংকটে তিনি মধ্যস্থতা করেছেন। তিনি বলেন, “আমি ভাঙব তবু মচকাব না। এর আগেও এমন কাজ আমি করেছি।’

মুকোনোরি জানান, মুগাবেকে পদত্যাগে রাজি করানোর ক্ষেত্রে তার কৌশল ছিল, মুগাবের সঙ্গে তর্ক না করে বরং তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাকে এটি বোঝোনো যে, তিনি মহানুভবতা দেখিয়ে রাজনৈতিক মঞ্চ থেকে বেরিয়ে যেতে পারেন।

মুকোনোরি বলেন, “মুগাবে একাধারে একজন ভাল বিতার্কিক ও চিন্তাবিদ। তিনি বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেন। সেটি অনেকটা দার্শনিকের মতো। তবে মুগাবের শাসনাধীনে জিম্বাবুয়ের অর্থনীতি ও রাজনীতিতে কি ঘটছে তা তাকে দেখানোটিই ছিল বড় ব্যাপার। কারণ, রাজনীতির মধ্যে সেনাবাহিনী ঢুকে পড়ায় ঝুঁকি সৃষ্টি হয়েছিল।’

গত মঙ্গলবার মুগাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময়ও সেনাবাহিনীর কাছে গৃহবন্দি ছিলেন।

এর আগে রাজধানী হারারের সড়কগুলোতে ট্যাঙ্ক নেমে যাওয়া, সেনাসদস্যরা রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যমের দখল নিয়ে সেখান থেকে জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়ার পরও ক্ষমতায় থাকার ব্যাপারে অটল ছিলেন রবার্ট মুগাবে।

১৯৮০ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হয় জিম্বাবুয়ে। দেশকে স্বাধীনতা এনে দেওয়া গেরিলা নেতা মুগাবে জাতির পিতা এবং স্বাধীনতার পর দেশটির একমাত্র নেতা।

গত ১৪ নভেম্বর সেনা অভ্যুত্থানের পরও ‍তিনি অবিচল থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাষ্ট্রপ্রধান মুগাবে (৯৩) পদত্যাগের দাবিতে দেশবাসী বিক্ষোভ করেছে, দল থেকে পদত্যাগের আহ্বানও জানানো হয়েছে- তবুও অনড় থাকেন মুগাবে।

দেশের রাজনীতিতে এ চরম উত্তেজনার মধ্যে ১৬ নভেম্বর মুগাবের সঙ্গে কথা বলতে সেনাপ্রধান কনস্ট্যান্টিনো চিওয়েঙ্গা তার বাসভবনে যান।

ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এমন দুই ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মুগাবে সেনাপ্রধানকে বলেন, “আমার কাছে সংবিধান নিয়ে আসুন এবং বলুন সেখানে কি লেখা আছে।”

জিম্বাবুয়ের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট দেশটির সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ। যুদ্ধের পোশাক পরা সেনাপ্রধান মুগাবের এ কথায় কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নিয়ে বলেন, জিম্বাবুয়ে এখন জাতীয় সংকটে পড়েছে এবং পরিস্থিতি সেনাঅভ্যুত্থানের দাবি করছে।

জবাবে মুগাবে বলেন,  সেনাবাহিনী জিম্বাবুয়ের জন্য সমস্যা। এপর তিনি যৌথভাবে চলমান সংকটের সমাধান বের করার ইঙ্গিত দেন।

পাঁচদিন ধরে মুগাবে ও জিম্বাবুয়ের সাংবিধানিক আইনের সঙ্গে সেনাবাহিনী, তার দল জানু-পিএফ পার্টি ও জনগণের মধ্যে দড়ি টানাটানি চলে। সেনা কর্মকর্তারা চাইছিলেন মুগাবে পদত্যাগ করুন, তবে তা বিনা রক্তপাতে।

১৯ নভেম্বর জানু-পিএফ পার্টির বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠকে দলীয় প্রাধনের পদ থেকে মুগাবেকে বহিষ্কার করা হয়। পরদিন একটি হোটেলে বিশেষ অধিবেশন ডেকে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়।

এরপর সময় পেরুতে থাকলে মুগাবেকে পদত্যাগ করানোর জন্য মুকোনোরি এবং জেনারেলদের ওপর চাপ সৃষ্টি হয়। দুপক্ষই মুগাবেকে জাতির পিতা হিসাবে সম্মান দেখানোর নিশ্চয়তা বার বার দিয়েছে এবং আলোচনার সময়ও তার সঙ্গে সম্মানজনক আচরণ করেছে।

আলোচনার মাধ্যমে মুগাবের পদত্যাগ নিয়ে একটি চুক্তি হওয়ার পরও টিভি ভাষণে মুগাবে পদত্যাগ নিয়ে কোনও কথা বলেননি।

মুকোনোরি বলেন, “তাকে পদত্যাগে রাজি করাতে অনেক ধৈর্য ধরতে হয়েছিল। ৯৩ বছর বয়সী একজনের কথা শোনা আর ২৩ কিংবা ১৭ বছর বয়সী একজনের কথা শোনার মধ্যে অনেক তফাৎ।”

তবে তিনি বলেন, “শেষ পর্যন্ত জিম্বাবুয়েবাসী বিক্ষোভ-প্রতিবাদের জোর আওয়াজের মুখে তিনি পদত্যাগ করেন।”

রাস্তায় রাস্তায় মানুষের বিক্ষোভের সেই মুহূর্তটিকেই কাজে লাগিয়ে মুগাবের বরফ গলান মুকোনোরি। তিনি বলেন, “মানুষের এ আওয়াজই তাকে নাড়া দিয়েছে। তিনি বুঝতে পেরেছেন, ‘যথেষ্ট হয়েছে’ এ কথাটি যেন তিনি উপলব্ধি করেন সেটিই তারা বলতে চাইছে।”

পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুডেন্ডাকে লেখা একটি পদত্যাগপত্রে সাক্ষর করেন মুগাবে, যা ২১ নভেম্বর এমপি’দের সামনে পড়ে শোনান হয়। তার পদত্যাগে উল্লাসে ফেটে পড়ে জিম্বাবুয়ের মানুষ। তার পদত্যাগকে স্বাগত জানানো হয় বিদেশেও।