২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 08:19 PM

Updated : 12 Apr 2022, 12:43 AM

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বৃহস্পতিবারের এই হামলার দায় স্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কাবুলের খেইর খানা এলাকার একটি হোটেলের কাছে এই হামলা হয়। আত্মঘাতী হামলাকারী খালি পায়ে ওই হোটেলে ঢোকার চেষ্টা করেন, যদিও তার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

হোটেলটিতে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের গভর্নর আতা মোহাম্মদ নুরের সমর্থকরা অবস্থান করছিলেন। তাদের এক বৈঠক লক্ষ্য করেই বৃহস্পতিবারের এই হামলা চালানো হয় বলে পরে এক বিবৃতিতে জানিয়েছে আইএস।

হামলার সময় নুর সেখানে ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

নুরের দল জমিয়ত-ই-ইসলামীর বেশিরভাগ সদস্যই আফগানিস্তানে বসবাস করা তাজিক জনগোষ্ঠী থেকে আগত। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পর আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে জোট বাধে জমিয়ত। সাম্প্রতিক মাসগুলোতে এই দল এবং তার সমর্থকরাই আইএসের হামলার অন্যতম প্রধান লক্ষ্য। 

চলতি বছরের জুনে জমিয়ত-ই-ইসলামের এক বৈঠকে হামলা চালিয়েছিল আইএস, যেখানে দলটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।    

বৃহস্পতিবারের হামলায় নিহতদের মধ্যে সাতজনই পুলিশ সদস্য বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি দুজনের পরিচয় জানা যায় নি।