জর্জিয়ায় ৮ হাজার বছরের পুরনো পাত্রে ‘সবচেয়ে প্রাচীন মদ’
ককেশাস অঞ্চলের দেশ জর্জিয়ায় আট হাজার বছরের পুরনো কিছু পাত্রের টুকরা-টাকরা থেকে আঙ্গুরের ওয়াইন বানানোর সবচেয়ে প্রাচীন ঘটনার সাক্ষ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
জর্জিয়ার রাজধানী তিবিলিসির দক্ষিণে দুটো স্থানে ওয়াইনের যৌগ লেগে থাকা মাটির ওই পাত্রগুলোর খোঁজ পাওয়া যায় বলে জানিয়েছন গবেষকরা, খবর বিবিসির।
ওই পাত্রগুলোর কয়েকটিতে গুচ্ছ গুচ্ছ আঙ্গুর ও নৃত্যরত মানুষের ছবি খোদাই করা ছিল বলেও জানিয়েছেন তারা।
এর আগে উত্তর পশ্চিম ইরানের কাছে এই ধরণের পাত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। এতদিন ৭ হাজার বছরের পুরনো ওই পাত্রই ছিল ওয়াইন বানানোর সবচেয়ে পুরনো প্রমাণ।
জর্জিয়ায় পাওয়া ওয়াইন এবং এর পাত্রের কথা যুক্তরাষ্ট্রের প্রসিডিংস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
“আমাদের ধারণা এটাই ইউরেশিয়া এলাকায় বেড়ে ওঠা বন্য আঙ্গুরলতা থেকে বানানো ওয়াইনের সবচেয়ে পুরনো নমুনা,” বলেন ইউনিভার্সিটি অব টরন্টোর জ্যেষ্ঠ গবেষক স্টিফেন বাটুক।
পশ্চিমের দেশগুলোতে ওয়াইন সভ্যতার কেন্দ্রবিন্দুতে থাকলেও ওষুধ, সামাজিক পানীয়, মনোযোগ পরিবর্তনে ব্যবহৃত উপাদান ও দামী পণ্য হিসেবে প্রাচ্যের ধর্মীয় গোষ্ঠী ও কবিরাজদের কাছে, রান্নার কাজে, অর্থনীতিতে এবং সমাজেও এর ব্যাপক চাহিদা ছিল বলে জানান বাটুক।
গবেষকরা জানান, আট হাজার বছরের ওই ওয়াইন বানানোর পাত্রগুলো পাওয়া যায় তিবিলিসির ৫০ কিলোমিটার দক্ষিণের দুটি নিওলিথিক গ্রাম গাদাশ্রিলি ও শুলাভেরিস গোরা থেকে।
উদ্ধার হওয়া পাত্রগুলোর আটটিতে ওয়াইন রাসায়নিক যৌগ মেলে; যার মধ্যে সবচেয়ে পুরনোটা বানানো হয়েছিল ৫,৯৮০ খ্রিস্ট পূর্বাব্দে।
জর্জিয়ান ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ডেভিড লর্ডকিপানিদজে জানান, জর্জিয়ায় এখনো যে ধরণের বড় পাত্রে ওয়াইন বানানো হয়, সেই কিউভেভরির মতোই দেখতে প্রাচীন পাত্রগুলো।
আঙ্গুর পেষা ওয়াইনের ক্ষেত্রে জর্জিয়ায় পাওয়া পাত্রই এখন পর্যন্ত সবচেয়ে পুরনো হলেও ভাত, মধু ও ফল দিয়ে বানানো সবচেয়ে প্রাচীন ওয়াইন মিলেছিল চীনে। খ্রিস্ট পূর্ব ৭০০০ সালে ওই ওয়াইন বানানো হয়েছিল বলে বিজ্ঞানীদের ধারণা।
