নাগরিকদের লেবানন ভ্রমণ না করার পরামর্শ তিন দেশের
উপসাগরীয় তিনটি দেশ তাদের নাগরিকদেরকে লেবাননে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং লেবাননে অবস্থানকারী নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করতে বলেছে।
লেবানন এবং ইয়েমেন নিয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ এল।
সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, সৌদি আরব তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার এবং লেবাননে অবস্থানকারী সৌদি নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার অনুরোধ জানাচ্ছে।
কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) তাদের নাগরিকদের লেবানন ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। ওদিকে, বাহরাইনও তাদের নাগরিকদেরকে লেবানন ত্যাগ করতে বলেছে।
গত শনিবার ইরানের সঙ্গে বৈঠকের পর সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি।
প্রাণনাশের আশঙ্কার’ কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এজন্য ইরান এবং হিজবুল্লাহকেও দায়ী করেন হারিরি।
তার এই আচমকা ঘোষণায় লেবাননে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।
হারিরির আচমকা পদত্যাগের সিদ্ধান্তের পর থেকেই ইরান-সৌদি আরব যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে আসছেন কূটনীতিকরা। এবার সৌদি আরবসহ অন্য উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশে সে আশঙ্কা আরও জোরালো হল বলেই মনে করা হচ্ছে।
