ফিলিপিন্সে মানবাধিকার সম্মেলনের প্রস্তাব দুতের্তের
মাদকবিরোধী অভিযানের নামে বিনাবিচারে হত্যা ও ধরপাকড়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত রদরিগো দুতের্তে এবার ফিলিপিন্সে মানবাধিকার বিষয়ক এক বিশ্ব সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার ভিয়েতনামে এক সংবাদ সম্মেলনে ফিলিপিন্সের প্রেসিডেন্ট এ প্রস্তাব দেন বলে রয়টার্স জানিয়েছে।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের বৈঠকে যোগ দিতে দুতের্তে দেশটিতে অবস্থান করছেন। শুক্রবার শুরু হওয়া এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ভাষণ দেওয়ার কথা।
এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামের পর মার্কিন প্রেসিডেন্টের ফিলিপিন্সে গিয়ে দুতের্তের সঙ্গে বৈঠক করার কথা আছে।
ওই বৈঠকে ট্রাম্প যেন ‘মানবাধিকার বিষয়ে’ কথা না বলেন সেজন্য আগেই অনুরোধ জানিয়েছিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার ভিয়েতনাম প্রবাসী ফিলিপিনোদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক শেষে দুতের্তে বলেন, কেবল তার দেশেই নয়, বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি কিভাবে সুরক্ষিত করা যায় তা নিয়ে ফিলিপিন্সে একটি আন্তর্জাতিক সম্মেলন করতে চান তিনি।
পশ্চিমা বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অনেকদিন ধরেই দুতের্তের মাদকবিরোধী অভিযানের কড়া সমালোচনা করে আসছে।
ওই অভিযানে এখন পর্যন্ত প্রায় চার হাজার মাদকসেবী ও বিক্রেতা নিহত হয়েছে বলেও দাবি করছে তারা।
ফিলিপিন্সের পুলিশ বলছে, আত্মরক্ষার্থে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটছে।
অভিযানের নামে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ অভিযোগ ছাড়াই অনেককে হত্যা করছে বলেও দাবি সমালোচকদের, ফিলিপিন্সের পুলিশ যা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।
“পুরো মানবজাতির মানবাধিকার কি করে রক্ষা করা যায় তা নিয়ে চলুন একটি সম্মেলন করি,” সংবাদ সম্মেলনে বলেন দুতের্তে।
তিনি ফিলিপিন্সের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ অ্যাগনেস কালামার্দের বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন।
“ফিলিপিন্সের জনগণের মৃত্যু কি কারণে সারা পৃথিবীর অন্যত্র খুন ও গণহত্যার শিকার হওয়া শিশুদের চেয়ে বেশি হয়ে গেল,” প্রশ্ন তার।
ফিলিপিন্সে যে সম্মেলন তিনি করতে চান তাতে মানবাধিকার বঞ্চিত পৃথিবীর সব দেশের নাগরিকদের স্বাগত জানানো হবে বলেও জানান দুতের্তে; নির্যাতিতরা যেন ভয়হীনভাবে তাদের দুর্দশার কথা বলতে পারে সে ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
ফিলিপিন্সে মাদকবিরোধী অভিযানে নিহতদের সংখ্যা বৃদ্ধি নিয়ে তদন্ত করা হবে, কালামার্দের এমন হুমকিকেও একহাত নেন দুতের্তে। জাতিসংঘের বিশেষজ্ঞ কেন মধ্যপ্রাচ্যে ধারাবাহিক বোমা হামলা ও সহিংসতা নিয়ে মন্তব্য করছেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
“এত সময় ধরে আপনি কি করেছেন? কেন আপনি মাদক নিয়ে বেশি উৎসাহী?”
সংবাদ সম্মেলনে দুতের্তে যুক্তরাষ্ট্রে তাকে আমন্ত্রণ জানানোয় ট্রাম্পের সমালোচনা করা দুই মার্কিন সিনেটর জেমস ম্যাকগোভার্ন ও রেনডি হাল্টগ্রিনকে ফিলিপিন্সে নিষিদ্ধ করারও হুমকি দেন।
ডেমোক্রেট ও রিপাবলিকান দলের এই দুই সিনেটর ম্যানিলা সফরের সময় ট্রাম্পকে সেখানকার মানবাধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করার আহ্বান জানিয়েছিলেন।
“আপনারা যদি আমাকে পছন্দ না করেন, আমিও করবো না। সমান সমান। কে বলেছে আমি চিন্তা কিংবা পরিকল্পনা করছি আপনাদের দেশে যাওয়ার?,” বলেন দুতের্তে।
