আইএস জঙ্গি সন্দেহে তুরস্কে আটক ১০১
তুরস্কের পুলিশ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে রাজধানী আঙ্কারায় ১০১ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়। আঙ্কারা পাবলিক প্রসিকিউটর কার্যালয় এ সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে।
অভিযানে নিয়োজিত রয়েছে ১৫শ’ পুলিশ। ২৪৫ জনকে আটক করতে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
পুলিশ আঙ্কারায় ২৪০ টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে এবং এসব অভিযানে আইএস এর ডিজিটাল জিনিসসহ অন্য আরও রসদ জব্দ করেছে বলে খবর পাওয়া গেছে।
২২ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে পুলিশ তুরস্কজুড়ে ২৫ টি প্রদেশে আইএস বিরোধী অভিযান চালিয়ে ২৮৩ জঙ্গি এবং তাদের ঘরে তৈরি ৬৬ টি বিস্ফোরক ডিভাইস ও অন্যান্য অস্ত্র জব্দ করেছে।
২০১৫ সাল থেকে তুরস্ক প্রাণঘাতী নানা জঙ্গি হামলার শিকার হচ্ছে। এসব হামলায় ৩শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সরকার এসব হামলার জন্য মূলত আইএস কেই দায়ী করেছে।
