২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক হাসপাতাল থেকে পালিয়েছিলেন টেক্সাসের হামলাকারী

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত রোববারের প্রার্থনার সময় গির্জায় ঢুকে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যাকারী প্যাট্রিক কেলি ২০১২ সালে মানসিক হাসপাতাল থেকে পালিয়েছিলেন বলে জানা গেছে এক পুলিশ প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 11:18 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

স্ত্রী, সন্তানদের ওপর সহিংস আচরণের জন্য ওই সময় কেলির কোর্ট মার্শাল চলছিল। ওই সময়ই তিনি হাসপাতাল থেকে পালান বলে মঙ্গলবার প্রকাশিত পুলিশ প্রতিবেদনে বেরিয়ে এসেছে।

কেলি পালিয়ে যাওয়ার সময়ই সে যে তার নিজের এবং অন্যদের জন্য বিপজ্জনক সে ব্যাপারে পুলিশকে জানানো হয়েছিল।

কেলি তার বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন একথাও পুলিশকে জানানো হয়েছিল বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

পারিবারিক সহিংসতায় অভিযুক্ত হওয়ার পরই কেলিকে নিউ মেক্সিকোর হলোমান বিমান ঘাঁটি এলাকায় সানল্যান্ড পার্কের কাছে একটি মানসিক হাসপাতালে রাখা হয়েছিল।

কেলি সেখান থেকে পালানোর কিছুক্ষণ পরই টেক্সাসে এল পাসো শহরের একটি বাস স্টেশনে ধরাও পড়েন। সানল্যান্ড পার্কের পুলিশ কর্মকর্তারাই এল পাসোর পুলিশ কর্মকর্তাদেরকে কেলি সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন।

টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস এলাকার ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে গত রোববার কেলির চালানো হামলা রাজ্যটির ইতিহাসে গুলি চালিয়ে হত্যার সবচেয়ে ভয়াবহ ঘটনা।

হত্যাকাণ্ড ঘটিয়ে কেলি চার্চ ছেড়ে গাড়িতে করে চলে যাওয়ার সময় দুই স্থানীয় অধিবাসী অস্ত্র নিয়ে তাকে পিছু ধাওয়া করে। ধাওয়ার মুখে কেলি এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। পুলিশ পরে বিধ্বস্ত গাড়ির ভেতর তার গুলিবিদ্ধ লাশ পায়।