২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবকে পাশ কাটিয়ে লেবাননকে ইইউ-যুক্তরাষ্ট্রের সমর্থন

লেবাননের বিরুদ্ধে ‘যুদ্ধের ঘোষণা দেওয়ার’ অভিযোগ তোলা সৌদি আরবকে পাশ কাটিয়ে রাজনৈতিক সংকটে পড়া বৈরুত সরকারকে সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয় (ইইউ) ও যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2017, 09:47 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

লেবাননে প্রধানমন্ত্রী সাদ আল-হারিরির পদত্যাগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সংকট। ইইউ এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার আলাদা আলাদা বিবৃতি দিয়ে লেবানন সরকারের প্রতি সমর্থন জানানো হয়।

ইইউ’র বিবৃতিতে বলা হয়, তারা ‘লেবানন ও দেশটির জনগণের একতা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার’ প্রতি পুনরায় তাদের সমর্থন ব্যক্ত করছে।

“আমরা সবপক্ষকে গঠনমূলক আলোচনার পথ অনুসন্ধান করার এবং গত ১১ মাসে লেবাননের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যে কাজ হয়েছে তার উপর ভর করে সামনে অগ্রসর হওয়ার আহ্বান জানাচ্ছি। যাতে তারা ২০১৮ সালের শুরুতে সংবিধানসম্মতভাবে পার্লামেন্ট নির্বাচন আয়োজন করতে পারে।”

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, লেবানন যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদার।

“যুক্তরাষ্ট্র লেবাননের বৈধ সরকারকে দৃঢ় সমর্থন দিচ্ছে। আমরা আশা করছি আন্তর্জাতিক অঙ্গনের সব সদস্য লেবানন সরকার, সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতাকে সম্মান করবে।”

প্রাণনাশের হুমকির কথা জানিয়ে গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে এক টেলিভিশন বার্তায় পদত্যাগের ঘোষণা দেন সাদ আল-হারিরি। এজন্য ইরান ও লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেন তিনি।

সৌদি আরবের মিত্র সাদ আল-হারিরি পদত্যাগের পর সেখানেই আছেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়ানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন বলে অভিযোগ ইরানের।

আকস্মিক এ পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব আছে বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টা।

অন্যদিকে, সৌদি আরব বলছে, সাদ আল-হারিরিকে প্রাণনাশের হুমকি দিয়ে লেবানন কার্যত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। লেবাননের ইরান সমর্থিত শিয়া হিজবুল্লাহ গোষ্ঠীর ‘আগ্রাসনকে’ এ জন্য দায়ী করে দেশটি।

যুক্তরাষ্ট্রও হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে।

হারিরির পদত্যাগের পর থেকেই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের চাপের মধ্যে পড়ে গেছে লেবানন।

‘সৌদি আরব সাদ আল-হারিরিকে গৃহবন্দি করে রেখেছে’ এমন খবরও কোথাও কোথাও প্রকাশ পেয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে সৌদি সরকার।

হিজবুল্লাহ মিত্র লেবানন প্রেসিডেন্ট মিশেল আউন সাদ আল-হারিরির পদত্যাগ পত্র গহণ করবেন না বলে জানিয়েছেন।

তিনি সাদ আল-হারিরিকে দেশে ফেরার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি বুঝতে তিনি নিজে ব্যক্তিগতভাবে আল-হারিরির সঙ্গে কথা বলবেন।

সাদ আল-হারিরি নেতৃত্বাধীন লেবাননের জোট সরকার এখনও বলবৎ আছে বলে জানান দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বারি।