আফ্রিকায় খাদ্য সংকটে ৩ কোটি ৬৫ লাখ মানুষ: জাতিসংঘ
পূর্ব আফ্রিকা অঞ্চলে খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা এক বছর আগের তুলনায় এ বছর অক্টোবরে ১৮ শতাংশ বেড়ে ৩ কোটি ৬৫ লাখে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মানবিক কার্যক্রম বিষয়ক সংস্থা।
পূর্ব আফ্রিকায় জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) নাইরোবিতে মঙ্গলবার প্রকাশিত তাদের সর্বসাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, গোটা অঞ্চলজুড়ে বারবার খরা, সংঘর্ষ ও অনিরাপত্তা, খাবারের উচ্চমূল্য এবং অঞ্চলজুড়ে প্রকট উদ্বাস্তু সংকটই মূলত খাদ্য অনিরাপত্তার জন্য দায়ী।
ওসিএইচএ’র প্রতিবেদন অনুযায়ী, এক বছর আগে খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা ছিল ৩ কোটি ৯ লাখ। সে তুলনায় এবছরে তা ৩ কোটি ৬৫ লাখে দাঁড়িয়েছে। এই মানুষগুলোর মানবিক সহায়তা প্রয়োজন।
এবছরের শেষে বুরুন্ডি এবং রুয়ান্ডায় খাদ্য পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও জাতিসংঘ প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
তবে আগামী কয়েকমাসে সুদান, ইথিওপিয়া এবং উগান্ডায় খাদ্য পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
