২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির ছাদেই বানালেন আস্ত উড়োজাহাজ!

সাত বছর আগে ভারতের মুম্বাইয়ের আমোল যাদব পরিবার ও বন্ধুদের অবাক করে বাড়ির ছাদে উড়োজাহাজ বানাবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 10:24 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

উড়োজাহাজটি বানানো শেষ হলে কিভাবে সেটি ছাদ থেকে নামাবেন, তরুণ পাইলট আমোলের কাছে এটিই ছিল পরিবারের সদস্য ও বন্ধুদের প্রথম জিজ্ঞাসা।

জবাবে আমল বলেছিলেন, “আমি সত্যিই জানি না।”

মুম্বাইয়ে আমলের ১৯ সদস্যের যৌথ পরিবার পাঁচতলা যে ভবনটিতে থাকে সেটিতে কোনও লিফ্ট নেই।

যে কারণে ভবনের সরু সিঁড়ি দিয়েই উড়োজাহাজ তৈরির যাবতীয় যন্ত্রপাতি ছাদে নেওয়া হয়, যার মধ্যে আমদানি করা ১৮০ কেজি ওজনের একটি ইঞ্জিনও ছিল।

প্রায় ১২শ বর্গফুট আয়তনের ওই ছাদে গ্রীষ্মের রোদ এবং বর্ষার বৃষ্টিকে উপেক্ষা করে কাজ চলতে থাকে।

এ বছর ফেব্রুয়ারিতে ছয় আসনের একটি ‘প্রোপেলার প্লেন’ বানিয়ে ফেলেন আমোল।

ভারতে বাড়ি ছাদে আস্ত উড়োজাহাজ বানিয়ে ফেলার ঘটনা এটিই প্রথম।

আমোলের দাবি, তার উড়োজাহাজটি ১৩ হাজার ফুট উপরে উড়তে পারার মত শক্তিশালী এবং একবারে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম জ্বালানি নিতে পারে। প্রতি ঘণ্টায় পাড়ি দিতে পারবে প্রায় ৩৪২ কিলোমিটার পথ।

ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ অনুষ্ঠানে নিজের উড়োজাহাজটি দেখানোর জন্য আয়োজকদের কাছে অনুমতি চাইতে গেলে তারা জায়গা নেই বলে আমোলকে ফিরিয়ে দিয়েছিলেন।

পরে তার ভাইরা অনেক দৌড়ঝাঁপ এবং নিরাপত্তারক্ষীদের নানা ভাবে অনুরোধ করে ও বুঝিয়ে মুম্বাইয়ের বান্দ্রার অনুষ্ঠানস্থলে তার উড়োজাহাজ প্রদর্শনের জন্য ছোট্ট একটি জায়গার অনুমতি বের করতে সক্ষম হন।

আমোল বলেন, “এরপর আমরা রাতভর উড়োজাহাজটি খুলে খণ্ড খণ্ড করি এবং একটি বৈদ্যুতিক ক্রেনের সাহায্যে খণ্ড অংশগুলো নিচের রাস্তায় নামিয়ে দুইটি ট্রাকে বোঝাই করি।

“আমার প্রতিবেশীরা ভিড় করে রুদ্ধশ্বাসে আমাদের কণ্ড দেখছিলেন।”

উড়োজাহাজের নয় মিটার লম্বা মূল অবকাঠামো নামানোর সময় হঠাৎ করেই মাঝপথে ক্রেনের তার জড়িয়ে পড়েছিল।

“আমার হৃদযন্ত্র প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা ভেবেছিলাম ক্রেনের তার ছিঁড়ে অবকাঠামোটি রাস্তায় পড়ে ভেঙে টুকরো হয়ে যাবে। কয়েক মিনিটের দমবন্ধ অবস্থার পর ক্রেনটি আবার ঠিকমত কাজ করতে শুরু করে।”

মাঝরাতে ফাঁকা সড়কে ঝড়ের গতিতে ট্রাক ছুটিয়ে উড়োজাহাজের অংশগুলো ২৫ কিলোমিটার দূরের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।

নিরাপত্তারক্ষীরা তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেন এবং তিন ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে খণ্ডাংশগুলো আবার জোড়া লাগানো হয়।

কয়েকঘণ্টা পর যখন অনুষ্ঠান শুরু হয় তখন একটি প্যাভেলিয়নের কাছের খালি জায়গায় একটি আস্ত উড়োজাহাজে সবার দৃষ্টি আটকে যায়।

একটি স্থানীয় পত্রিকা ও একটি নিউজ চ্যানেলে সেটি নিয়ে খবর প্রকাশ হয়।

হাজার হাজার মানুষ সেটির সামনে দাঁড়িয়ে ছবি তোলা শুরু করে।

ভারতের এভিয়েশন মন্ত্রী সেটি দেখতে আসেন এবং আমোলের জায়গা না পাওয়া উড়োজাহাজটি বিখ্যাত হয়ে যায়।