স্বাধীনতাপন্থিদের একজোট হওয়ার আহ্বান পুজদেমনের
স্বাধীনতার দাবি আরও জোরদার করতে স্বাধীনতাপন্থি দলগুলোকে একজোট হয়ে ডিসেম্বরের আঞ্চলিক নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের কাতালুনিয়া অঞ্চলের বরখাস্ত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন।
স্পেনের আদালত পুজদেমনসহ বেলজিয়ামে থাকা পাঁচ কাতালান নেতার বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর শনিবার সাবেক কাতালান প্রেসিডেন্ট এ আহ্বান জানালেন বলে খবর বিবিসির।
পরোয়ানা উপেক্ষা করে তিনি ২১ ডিসেম্বেরের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের সমৃদ্ধ এলাকা কাতালুনিয়ায় স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবর গণভোটের আয়োজন করেছিল পুজদেমনের আঞ্চলিক সরকার। ভোটে স্বাধীনতার পক্ষে জনসমর্থন পাওয়ার পর সপ্তাহখানেক আগে কাতালুনিয়ার পার্লামেন্টেও স্বাধীনতা ঘোষণার প্রস্তাবে ভোটাভুটি হয়েছিল। এতে ৭০-১০ ভোটে স্বাধীনতা ঘোষণার প্রস্তাব জয়ী হওয়ার পর কাতালুনিয়াকে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ ঘোষণা করে আঞ্চলিক পার্লামেন্ট।
শুরু থেকেই কাতালুনিয়ার বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে রেখেছিল স্পেন। কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করার পরপরই অঞ্চলটির স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে কাতালুনিয়ায় সরাসরি কেন্দ্রের শাসন চালু করে মাদ্রিদ।
স্বাধীনতা ঘোষণার পরও কোনো দেশের স্বীকৃতি না মেলায় কাতালুনিয়ার প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে বেগ পেতে হয়নি স্পেনকে। স্পেনের আদালতে কাতালান স্বাধীনতাপন্থি নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহীতা ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ আনা হয়। তার আগেই কয়েকজন মন্ত্রীকে নিয়ে বেলজিয়ামে চলে যান পুজদেমন।
সেখান থেকেই নির্বাচনে একজোট হয়ে অংশ নিতে স্বাধীনতাপন্থি ও গণতান্ত্রিক দলগুলোর প্রতি আহ্বান জানান সাবেক এই কাতালান প্রেসিডেন্ট।
“এখনই সময় সব গণতন্ত্রমনাদের একত্রিত হওয়ার। কাতালুনিয়ার জন্য, রাজবন্দিদের মুক্তির জন্য এবং স্বাধীন প্রজাতন্ত্রের জন্য,” শনিবার টুইটারে জানানো আহ্বানে বলেন পুজদেমন।
টুইটের সঙ্গে একটি অনলাইন পিটিশনের লিংকও যুক্ত করে দেন এই কাতালান নেতা, যেখানে স্বাধীনতাপন্থি দলগুলোকে মাদ্রিদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আবেদন জানিয়েছে জনগণ। পিটিশনটিতে এরই মধ্যে ৩৯ হাজারেরও বেশি স্বাক্ষর পড়েছে বলে জানিয়েছে বিবিসি।
পুজদেমন বলেছেন, স্পেনের আদালত পরোয়ানা জারি করলেও তিনি বাইরে থেকে ২১ ডিসেম্বরের আঞ্চলিক নির্বাচনের প্রচারণা চালাবেন।
স্পেনের সরকার জানিয়েছে, দোষী সাব্যস্ত না হলে অভিযুক্ত অবস্থাতেও যে কোনো রাজনীতিবিদ আঞ্চলিক নির্বাচনে অংশ নিতে পারবেন।
এর আগে শুক্রবার পুজদেমন ও বরখাস্ত হওয়া চার কাতালান মন্ত্রীর বিরুদ্ধে স্পেনের উচ্চ আদালত ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
শনিবার সেই পরোয়ানা পাওয়ার কথা জানিয়েছে বেলজিয়ান কর্তৃপক্ষ। ‘ব্যতিক্রমধর্মী’ হওয়ায় পরোয়ানাটি খতিয়ে দেখতে তিন মাসের মতো সময় লাগতে পারে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।
পুজদেমন ছাড়া আর যে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন- কাতালুনিয়া আঞ্চলিক সরকারের বরখাস্ত কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, বরখাস্ত সংস্কৃতিমন্ত্রী লুইজ পুইজ এবং বরখাস্ত শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি।
