২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে হামলাকারী ‘খিলাফতের সৈনিক’: দাবি আইএস’র

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্রাক হামলার ঘটনার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অভিযুক্ত হামলাকারী সাইফুল্লাহ সাইপভকে তাদের ‘খিলাফতের একজন সৈনিক’ বলে দাবি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2017, 08:20 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

গত মঙ্গলবার সাইকেলের লেইনে ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যার ঘটনার পর পুলিশ উজবেক শরণার্থী ওই যুবক (২৯) সাইপভকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর এটিই নিউ ইয়র্কে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা।

আইএস বৃহস্পতিবার কোনও প্রমাণ না দিয়েই হামলাটির দায় স্বীকার করেছে এবং তাদের সাপ্তাহিক আল-নাবা পত্রিকায় হামলাকারী সাইপভকে তাদের খিলাফতেরই সৈনিক বলে বর্ণনা করেছে।

ওদিকে, আইএস এর হয়ে ট্রাক নিয়ে হামলা করার কারণে সাইপভ বুধবার ফেডারেল কোর্টে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দাখিল হওয়া অপরাধের অভিযোগনামায় বলা হয়েছে, সাইপভ তদন্তকারীদেরকে বলেছেন, তিনি ইসলামিক স্টেটের ভিডিও দেখে উৎসাহিত হয়েছেন এবং একবছর আগে হামলা পরিকল্পনা করতে শুরু করেন।

সাইপভ আরও বলেন, তিনি তার কৃতকর্মে ভাল বোধ করছেন। হাসাপাতাল কক্ষে ইসলামিক স্টেটের (আইএস) পতাকাও ওড়ানোর অনুমতি চেয়েছেন তিনি।

সাইপভের মৃত্যুদণ্ড পাওয়া উচিত বলে এরই মধ্যে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক টুইটে তিনি বলেন, আইএস সাইপভকে তাদের সৈনিক আখ্যা দিয়েছে এবং এর ভিত্তিতে সামরিক বাহিনী গত দুদিনে জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিয়েছে। তাদেরকে মার্কিনিদের ওপর প্রতিটি হামলার জন্য চরম মূল্য দিতে হবে।