উত্তর-দ. কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকায় যাচ্ছেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা (ডিমিলিটারাইজড জোন- ডিএমজেড) সফরে যাচ্ছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এর আগে ট্রাম্প এশিয়া সফরকালে ওই এলাকা সফরের মাধ্যমে সরাসরি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দোরগোড়াতেই হাজির হতে পারেন বলে খবর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার হোয়াইট হাউজ তা নাকচ করেছে।
নভেম্বরের শুরুতে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার কথা ট্রাম্পের। এ সফরকালেই তার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা (ডিমিলিটারাইজড জোন- ডিএমজেড) ভ্রমণে যাওয়ার কথা ছিল।
কিন্তু এখন ট্রাম্প ওই এলাকা সফর না করে বরং এর পরিবর্তে সিউলের ৬০ কিলোমিটার দক্ষিণের সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রিজ সফর করতে পারেন বলে সাংবাদিকদের এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সীমিত সময়ের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা এবং ক্যাম্প হামফ্রিজের মধ্যে যে কোনও একটি এলাকা সফর করার জন্য বেছে নিতে হয়েছে।
