২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার প্রশ্নে উ.কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বাধ্যতামূলক শ্রমসহ মানবাধিকারের নানারকম অপব্যবহারের অভিযোগে উত্তর কোরিয়ার ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৩ টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Oct 2017, 08:52 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

জাপান ও যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি দিয়ে উত্তর কোরিয়ার লাগাতার পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট উত্তেজনা ও সংকটের মধ্যে মার্কিন অর্থমন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ওপর চাপ বাড়ানোর চেষ্টা নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় উত্তর কোরিয়ায় ‘মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন এবং সেন্সরশীপ’ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর এ পদক্ষেপ এল।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন এক বিবৃতিতে বলেছেন, “আজকের নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার সামরিক এবং শাসকগোষ্ঠীর কর্মকর্তাদের ওপর আরোপ করা হয়েছে যারা প্রকাশ্যে মানবাধিকারের অপব্যবহার করছেন।”

“আমরা উত্তর কোরিয়ার অর্থনৈতিক পৃষ্ঠপোষকদেরও নিষেধাজ্ঞার আওতায় রেখেছি, যারা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে দেশটির শাসকগোষ্ঠীকে টিকিয়ে রেখেছে।”

নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, উত্তর কোরিয়ার সামরিক নিরাপত্তা কমান্ডের পরিচালক, উপ-পরিচালক  এবং জননিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান উপমন্ত্রী ও শ্রমমন্ত্রী। এছাড়াও আছেন, চীনের শেনইয়াংয়ে নিয়োজিত উত্তর কোরিয়ার কনসাল জেনারেল এবং ভিয়েতনামে উত্তর কোরিয়ার দূতাবাসের এক কূটনীতিক।

চীনে উত্তর কোরিয়ার কনসাল জেনারেল এবং ভিয়েতনাম দূতাবাসের কূটনীতিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, তারা উত্তর কোরিয়ায় আশ্রয়প্রার্থীদের জোর করে দেশে ফেরত পাঠানোয় জড়িত ছিলেন।

মার্কিন পররাষ্ট্রবিভাগের মুখপাত্র উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ উল্লেখ করে বলেছেন, “দেশটিতে বিনা বিচারে হত্যা, বাধ্যতামূলক শ্রম, নির্যাতন, র্দীঘ সময় ধরে অবৈধভাবে কাউকে আটক রাখা, ধর্ষণ, বাধ্যতামূলক গর্ভপাত ও অন্যান্য যৌন সহিংসতার ঘটনা ঘটছে।”

বাধ্যতামূলক শ্রম এবং বৈদেশিক শ্রম চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়ার জন্য বৈদেশিক মুদ্রা আয়ে জড়িত থাকার কারণে যুক্তরাষ্ট্র দেশটির একটি বৈদেশিক নির্মাণ কোম্পানি এবং এক্সটারনাল কনস্ট্রাকশন ব্যুরোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন উত্তর কোরিয়ার শ্রম রপ্তানি থেকে পাওয়া আয়ের ওপর কড়াকড়ি করার চেষ্টা নিয়েছে। যাতে করে দেশটির পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে তহবিল সরবরাহের রাশ টেনে ধরা যায়।