থাইল্যান্ডে রাজা ভূমিবলের শেষকৃত্য শুরু
প্রায় একবছর পর প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের রাজকীয় শেষকৃত্য শুরু করেছে থাইল্যান্ড।
৫ দিন ব্যাপী এ শেষকৃত্য পালনে জড় হচ্ছে অসংখ্য মানুষ। বৃহস্পতিবারই রাজাকে শেষ বিদায় জানাবে দেশবাসী। তাকে সমাহিত করা হবে ব্যাংককে।
রাজাকে শেষ বিদায় জানাতে গ্রান্ড প্যালেসে জড়ো হচ্ছে সবাই। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেই।
গত বছর অক্টোবরে ৮৮ বছর বয়সে রাজা ভূমিবলের মৃত্যু হলেও নিয়মানুযায়ী, রাজার শেষকৃত্যানুষ্ঠানের জন্য প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে।
থাই শাসন ব্যবস্থায় রাজবংশের ভূমিকা না থাকলেও রাজা ভূমিবল থাই জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। থাইল্যান্ডের যে কোনও সংকটে রাজা ভূমিবলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, রাজার শেষকৃত্যানুষ্ঠান বৌদ্ধ ধর্মের নিয়ম মেনে সম্পন্ন করা হবে এবং তার শেষ বিদায় দেখতে কমপক্ষে আড়াই লাখ মানুষ উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপ্রাসাদের বাইরে এরই মধ্যে সমবেত হয়েছে প্রচুর মানুষ।
থাইল্যান্ডের উত্তরাঞ্চল থেকে আসা ৭২ বছর বয়সী এক বৃদ্ধার উক্তি তুলে ধরে রয়টার্স মঙ্গলবার জানিয়েছে, রাজাকে শেষ বিদায় জানাতে গত দু’দিন আগে তিনি বাড়ি ছেড়েছেন। যাতে অনুষ্ঠানটি দেখতে ভাল জায়গা খুঁজে পান।
বৃহস্পতিবারের শেষকৃত্যানুষ্ঠানে বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্ণ নেতৃস্থানীয় ভূমিকা রাখবেন। গ্রান্ড প্যালেসে শেষকৃত্যের পর শুক্রবার ভূমিবলের দেহভস্ম সংগ্রহ করে তা প্রাসাদে নিয়ে আসা হবে। এরপর আরও দুদিন ধরে চলবে আনুষ্ঠানিকতা।
গ্রান্ড প্যালেসে রাজকীয় এ শেষকৃত্যানুষ্ঠানে রাজবংশের সদস্যরা ছাড়া ৪০টি’রও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠান দেখতে রাস্তায় রাস্তায়ও সারিবদ্ধভাবে অগণিত মানুষ উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
