ফের মালয়েশিয়া বিমানবন্দরে ন্যাম হত্যায় অভিযুক্ত দুই নারী
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যায় অভিযুক্ত দুই নারীকে ফের অপরাধ সংঘটনস্থল মালয়েশিয়ার বিমানবন্দরে নেওয়া হয়েছে।
কুয়ালালামপুর বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষমাণ কিম জং-ন্যামের মুখমণ্ডলে বিষাক্ত রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগে তাকে হত্যা করার অভিযোগ আছে ইন্দোনেশিয়ার সিতি আয়েশাহ এবং ভিয়েতনামী দোয়ান থি হুয়ং নামের এ দুই নারীর বিরুদ্ধে।
মঙ্গলবার তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে ফের সেই ঘটনাস্থলে নেওয়া হয়। তাদের সঙ্গে ছিল মামলার বিচারকরাসহ নিজ নিজ আইনজীবী এবং কৌসুলিরা। তাদেরকে পাহারা দিয়ে রেখেছিল অসংখ্য পুলিশও। তাদের উপস্থিতিতে বিমানবন্দরে বৃশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।
ন্যাম হত্যায় অভিযুক্ত দুই নারী দোষ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা মনে করেছিলেন, টেলিভিশনের কোনও কৌতুক অনুষ্ঠানের জন্য তাদেরকে এমন কাজ করানো হয়েছে।
উত্তর কোরিয়া ১৩ ফেব্রুয়ারিতে ন্যাম হত্যার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে উত্তর কোরীয় চার ব্যক্তি যারা হত্যাকাণ্ডের দিন মালয়েশিয়া থেকে পালিয়েছিল তাদেরকেও এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার মামলায় সন্দেহভাজন দুই নারীকে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এমনকি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছিল সে জায়গাটিতেও নেওয়া হয় তাদেরকে। দোষী সাব্যস্ত হলে এ দুই নারীর মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
