২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএস ‘রাজধানী’ রাক্কার পতন

ইসলামিক স্টেট (আইএস) 'খিলাফতের' ঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কা শহর পুরোপুরি দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় কুর্দি ও আরব  জোটের যোদ্ধারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2017, 08:02 PM

Updated : 12 Apr 2022, 12:32 AM

চারমাস লড়াইয়ের পর তা অবসানের ঘোষণা দিয়েছেন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর মুখপাত্র তালাল সেল্লো।

তিনি বলেন, “রাক্কায় সবকিছুর সমাপ্তি হয়েছে, আমাদের বাহিনী রাক্কার পূর্ণ দখল নিয়েছে।”

মঙ্গলবার রাক্কার স্টেডিয়ামে পতাকা উড়িয়েছে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী।

শহরের আনাচে-কানাচে আর কোনও জিহাদি সেল রয়ে গেছে কিনা তা এখন খুঁজে দেখা হচ্ছে এবং ভূমিমাইন অপসারণের কাজ চলছে বলে জানিয়েছেন এসডিএফ মুখপাত্র।

তবে সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, শহরটি এখন সম্পূর্ণ আইএস জঙ্গি মুক্ত হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের-নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সমর্থনে এসডিএফ জুন মাস থেকে রাক্কায় লড়াই চালিয়ে আসছে।

গত রোববার রাক্কার অবশিষ্ট জঙ্গিদের ওপর চূড়ান্ত আক্রমণ শুরু করে মার্কিন নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী।

মঙ্গলবার সকালে রাক্কায় আইএস এর গুরুত্বপূর্ণ দুইটি অবস্থান পৌর স্টেডিয়াম ও ন্যাশনাল হাসপাতাল জঙ্গিমুক্ত করে এসডিএফ।

এখন রাক্কায় বিজয় অর্জন এবং শহরটিতে আইএস এর প্রায় তিন বছরের শাসনাবসানের আনুষ্ঠানিক ঘোষণা অচিরেই দেওয়া হবে বলে জানিয়েছেন এসডিএফ মুখপাত্র।

বিবিসি জানায়, পৌর স্টেডিয়ামে জোট বাহিনীর যোদ্ধারা পপুলার প্রটেকশন ইউনিটের পতাকা উড়িয়েছে। এসডিএফ’র পতাকা তলে কুর্দি যোদ্ধাদের এ ইউনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কুর্দি যোদ্ধাদেরকে বিজয় উদযাপন করতে এবং সড়কে বিজয় মিছিল করতে দেখা গেছে।

২০১৪ সালের শুরুর ‍দিকে রাক্কা দখল করেছিল আইএস। তখনই শহরটিকে ইসলামিক স্টেট তাদের ঘোষিত 'খিলাফতের' রাজধানী হিসেবে ঘোষণা করে।

গত নভেম্বরে প্রায় ১৫ হাজার এসডিএফ যোদ্ধা রাক্কা পুনর্দখলের অভিযানে নামে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা ও বিশেষ বাহিনী পাঠানোর মাধ্যমে এ অভিযানে সহায়তা করেছে।

এবছর জুনে যোদ্ধারা রাক্কা ঘিরে ফেলে এবং চারপাশ থেকে নগরীতে প্রবেশ করে আইএস এর প্রতিরোধ ভাঙতে শুরু করে।