২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দামে বড় ধরণের প্রভাব ফেলবে না ট্রাম্পের নীতি: তেহরান

ছয়জাতির সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বিশ্ব বাজারে তেলের মূল্যের ক্ষেত্রে বড় ধরণের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন ইরানের তেল মন্ত্রী বিজান জাঙ্গানেহ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 03:23 PM

Updated : 12 Apr 2022, 12:31 AM

রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এই মন্তব্য করেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে ইরান ২০১৫ সালে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীনের সঙ্গে পরমাণু চুক্তিটি করেছিল।

অন্য বিশ্বশক্তিগুলো ইরান ‘পরমাণু চুক্তি মেনে চলছে’ এই সার্টিফিকেট দিলেও শুক্রবার তা দিতে অস্বীকার করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের শুরু থেকেই ট্রাম্প এই পরমাণু চুক্তিকে ‘যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর’ অ্যাখ্যা দিয়ে আসছিলেন।

শুক্রবারের ভাষণে যুক্তরাষ্ট্রের নীতির বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়ে ট্রাম্প ‘চুক্তিটি বাতিল করতে পারেন’ বলেও সতর্ক করেছেন।

ট্রাম্পের এই পদক্ষেপের ফলে চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে অন্য পাঁচ বিশ্বশক্তি ও ইউরোপীয় ইউনিয়নের দূরত্ব তৈরি হয়েছে।

ওই চুক্তির আলোকেই ইরানের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখনি চুক্তি থেকে সরে না এলেও ট্রাম্পের পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সামনে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পথ খুলে গেছে। 

ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস চাইলে ৬০ দিনের মধ্যে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে, এ ধরনের কোনো পদক্ষেপে কার্যত চুক্তিটি ভেঙে পড়বে। অবশ্য কংগ্রেস যদি কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে চুক্তিটি অপরিবর্তিত থাকবে।

ট্রাম্পের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চুক্তিতে স্বাক্ষরকারী অন্য অংশীদাররা।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চুক্তিটিকে তাদের ‘জাতীয় নিরাপত্তা স্বার্থের অংশিদারিত্বমূলক’ চুক্তি হিসেবে অভিহিত করেছে; ইউরোপীয় ইউনিয়ন বলেছে, “কার্যকর একটি চুক্তিকে বাতিল করার বিষয়টি কোনো এক দেশের ওপর নির্ভর করে না।”

ট্রাম্পের ভাষণের পর কোনো মন্তব্য না করলেও এর আগে চুক্তিটি রক্ষা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিল চীন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের সিদ্ধান্তে খেদ প্রকাশ করে বলেছে, এটি চুক্তি কার্যকরের পথ রুদ্ধ করবে না বলে আশা করছে তারা।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, চুক্তির শর্ত লঙ্ঘন করার মাধ্যমে ‘যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে’।

“বহুপাক্ষিক একটি আন্তর্জাতিক চুক্তিকে একজন প্রেসিডেন্ট কি অকার্যকর করতে পারে? চুক্তিটি যে ইরান ও যুক্তরাষ্ট্রে মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি না, মনে হচ্ছে তিনি তা জানেন না,” বলেছেন রুহানি।